বৃত্তির ফলাফলে গলদ, শিশুমনের ক্ষত পূরণ হবে কীভাবে

প্রাথমিক বৃত্তির পরীক্ষার ফলাফলে ত্রুটির কারণে শিশুর মনে বিরূপ প্রভাব ফেলছে
ছবি: ইউনিসেফ

মুস্তাকিন বিল্লাহর মন খারাপ। ঘরের দরজা বন্ধ করে শুধুই কাঁদছে সে। কারণ, প্রথমে শুনেছিল, সে প্রাথমিকে বৃত্তি পেয়েছে। কিন্তু সংশোধিত ফলাফলে জানা যায়, মুস্তাকিন বৃত্তি পায়নি। খবরটি জানার পর কারও সঙ্গে কথা বলছে না সে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ত্রুটির কারণে মুস্তাকিনের শিশুমনে চরম প্রভাব পড়েছে।

যশোরের কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকে মুস্তাকিন। দোরমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত মঙ্গলবার জানা যায়, সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। খবর পেয়ে তার নানা মিষ্টি নিয়ে বিদ্যালয়ে যান। শিক্ষকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে সবাই মিষ্টি খান।

পরদিন সংশোধিত বৃত্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, মুস্তাকিন বৃত্তি পায়নি। তখন সে মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ছিল। খবর শুনে সে বিদ্যালয় থেকে বাড়িতে চলে আসে। কারও সঙ্গে কোনো কথা না বলে দরজা বন্ধ করে শুধু কাঁদতে থাকে। স্বজনেরা তাকে বোঝালেও তার মন ভালো হয়নি। পরে বিদ্যালয়ের শিক্ষক সবুজ হোসেন গিয়ে তাকে বোঝান।

শিক্ষক সবুজ হোসেন বলেন, মুস্তাকিন বিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। পঞ্চম শ্রেণিতে রোল নম্বর ছিল ১। ফলাফলের এমন ঘটনার কারণ জানতে মুস্তাকিনের নানা বিদ্যালয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ফলাফলে ত্রুটির কারণে শিশুমনে কতটা ক্ষত তৈরি হলো, তা বুঝিয়ে বলা যাচ্ছে না। শিশুদের মনে এ জন্য কেমন প্রভাব পড়তে পারে, সেটা কর্তৃপক্ষের বোঝা উচিত ছিল।

উপজেলার কোমোরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের ফলাফলে জানা গিয়েছিল পাঁচজন বৃত্তি পেয়েছে। দুজন ট্যালেন্টপুল এবং তিনজন সাধারণ গ্রেডে। বৃত্তি পাওয়ার খবরে অভিভাবকেরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের মিষ্টি খাওয়ান। পরে জানা গেল, বিদ্যালয় থেকে কেউই বৃত্তি পায়নি।

আজ বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেল, শিক্ষকদের মন বিষণ্ন। কারণ, বরাবরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পায়। তার নমুনাও দেখা গেল বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা বোর্ডে লিপিবদ্ধ দেখে।

আসমা নামের এক শিক্ষার্থীর মা নাসিমা বেগম বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জানতে চান, তাঁর মেয়ে বৃত্তি পেয়েও কেন পেল না? এর সদুত্তর শিক্ষকেরা দিতে পারেননি। নাসিমা প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ের বৃত্তি না পাওয়ার কথা শোনার পর মন খারাপ হয়েছে। সে ডাক্তার হতে চায়। সে বারবার জিজ্ঞাসা করছে, এখন কি সে ডাক্তার হতে পারবে। তিনি চোখ মুছতে মুছতে বলেন, ‘আমি মেয়েকে এখন কী বলব।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী বলেন, ‘অনেকে ভেঙে পড়েছে। এটুকু বলব, সবাইকে যার যার জায়গা থেকে আরও সচেতন হতে হবে।’

কেশবপুর প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান বলেন, কেশবপুরে আগের ফলাফলে ৫১ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। সেখান থেকে ২১ জনকে বাদ দিয়ে নতুন ২১ জন যোগ করা হয়েছে। আর সাধারণ গ্রেডে ১২১ জনের মধ্যে ৬৩ জন পরিবর্তিত হয়ে নতুন সংযোজন হয়েছে। তিনি বলেন, তাঁরাও অভিভাবকদের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।