
‘বইন্নায় (বন্যা) মোগো ঘরের হক্কল (চারপাশ) দিকে পানিতে ডুব্বা গ্যাছে। ঘর হইতে বাইরে হইতে হইলে এখন ক্যালা গাছে ভোর খিলাইতে হইবো (কলাগাছের ভেলা বানাতে হবে)। হেইয়ার পর মোরা আমু-যামু আবার মোগো পোলাপাইনে ইস্কুলে পাঠামু।’
কথাগুলো বলছিলেন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টিতে পানিবন্দী বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের সোনার বাংলা গ্রামের আবু হানিফ। তাঁর মতো হাজারো মানুষ টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সোনার বাংলা, খাজুরতলা, লাকুরতলা, সোনালীপাড়া, পশ্চিম গিলাতলী, পোটকাখালী আশ্রয়ণ এলাকা ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে বাসিন্দারা। প্রতিটি পরিবারের ঘরের আঙিনায় পানি থই থই করছে। অনেক পরিবারের রান্নাঘরেও পানি ঢুকে পড়েছে। অনেককে কোমরপানি পেরিয়ে ঘর থেকে বের হতে হচ্ছেন। কেউ উঁচু জায়গা থেকে রান্না করে নিয়ে আসছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বরগুনায় ২৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
সোনার বাংলা গ্রামের নাসিমা বেগম বলেন, ‘মোগো ঘরের চারপাশে পানি আইটক্কা আছে। চুলায় পানি ঢোকায় রান্না হরতে পারছি না। পোলাপাইনের খাওনের জন্য ঘরের মধ্যে ইট দিয়া রান্না করছি।’ আরেক বাসিন্দা রহিমা বেগম বলেন, পানিতে সব তলিয়ে গেছে। তাঁরা এখন পানি মাড়িয়ে চলাচল করছেন। ঘর থেকে বাইরে যেতে হলে কোমরপানির ওপর দিতে যেতে হচ্ছে।
ফুলঝুড়ি ইউনিয়নের পশ্চিম গিলাতলী গ্রামের রানু বেগম বলেন, ঘরের চারপাশে বৃষ্টি ও বন্যার পানি আটকে আছে। পানির কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।
সদরের গৌরিচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকী তানভীর হোসেন বলেন, তাঁর এলাকার ৫০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দ্রুত পানিনিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। খোঁজ নিয়ে তাদের সহায়তা করা হবে বলে তিনি জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন বলেন, সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ বৃষ্টির পানিতে আটকে আছে। জনপ্রতিনিধিরা যাতে দ্রুত পানিনিষ্কাশনের ব্যবস্থা করেন, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।