
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর ব্যক্তিগত সহকারী রানা মিয়া এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ সন্ধ্যায় নজরুল ইসলামের নির্বাচন পরিচালনায় গঠিত গণসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, সিলেটে মেয়র পদে এখন পর্যন্ত সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান ও জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম আছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আবদুল হানিফ (কুটু), মোহাম্মদ আবদুল মান্নান খান, সামছুন নুর তালুকদার ও মো. ছালাহ উদ্দিন রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট সিটি নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। ২৫ মে মনোনয়নপত্র যাচাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। ২ জুন প্রতীক বরাদ্দের পর ২১ জুন ইভিএমে ভোট গ্রহণ করা হবে।