
১২৫ দিন বা চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হয়েছে। আজ রোববার দুপুরে ম্যানচেস্টার থেকে আসা বিজি-২০৮ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এ রুটে ফ্লাইট চলাচল আবার শুরু হলো।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। গত ১ মার্চ থেকে হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। এরপর আজ ম্যানচেস্টার থেকে ফ্লাইট আসার মাধ্যমে আবার সরাসরি ফ্লাইট চালু হলো। আপাতত সপ্তাহে দুই দিন সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালিত হবে।
ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, প্রবাসীদের দাবি ছিল সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবার চালু করা। যাত্রীসেবার মান বজায় রেখে এ রুটের ফ্লাইট নিয়মিত পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই রুটের ফ্লাইট আবার চালু হয়েছে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্যকর বিমানবন্দর হিসেবে গড়ে তোলা ও আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। তিনি সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখারও আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নির্বাচনের আগে প্রবাসীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট আবার চালু করা হয়েছে।
ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম বলেন, মাঝখানে ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেটের লোকজনকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আবার সরাসরি ফ্লাইট চালু হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যদের মধ্যে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হফিজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।