নওগাঁর মান্দায় বিভিন্ন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব–৫।
গতকাল রোববার বিকেলে উপজেলার প্রসাদপুর গ্রামের একটি কম্পিউটার ও অনলাইন সেবার দোকানে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম মো. আবদুস সালাম সরকার (২৬)। তিনি মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট নামের একটি দোকানে কাজ করতেন।
আজ সোমবার সকালে পাঠানো র্যাব-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সালাম কয়েকজনকে নিয়ে একটি চক্র গড়ে তোলেন। চক্রের সদস্যরা ডিজিটাল ডিভাইস ও অনলাইন আইডি ব্যবহার করে বিভিন্ন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করতেন। সেখান থেকে এনআইডির তথ্য, সিডিআরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অর্থের বিনিময়ে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তবে কাদের কাছে এসব তথ্য সরবরাহ করা হতো, তা এখনো জানা যায়নি।
র্যাব জানিয়েছে, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে কাজ করেছিলেন আবদুস সালাম। ওই সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সংশ্লিষ্ট সার্ভারে প্রবেশের বিষয়ে তাঁর ধারণা তৈরি হয়। তাঁর মুঠোফোন পরীক্ষা করে একাধিক সিডিআর এবং বিভিন্ন মুঠোফোন নম্বরের সর্বশেষ অবস্থানের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য কীভাবে সংগ্রহ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় আবদুস সালামের বিরুদ্ধে মান্দা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। এই চক্রের সঙ্গে কারা জড়িত এবং তারা কতটা তথ্য সংগ্রহ করেছে, তদন্তের পর তা জানা যাবে বলে জানিয়েছে র্যাব।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আবদুস সালামকে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।