ক্ষমতা ধরে রাখতে গাজীপুরে শ্রমিকনেতা শহিদুলকে হত্যা

শ্রমিকনেতা শহিদুল ইসলামের বাড়ি শ্রীপুরে। তিনি টঙ্গী এলাকায় এসে ক্ষমতা দেখাবেন, সেটা মেনে নিতে পারেননি মাজাহারুল।

গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত শ্রমিকনেতা শহিদুল ইসলাম
ছবি: সংগৃহীত

কারখানার মালিক ও শ্রমিকদের একাংশের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল মাজাহারুলের। বকেয়া বেতন–ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিলে কারখানায় যান মাজাহারুল ও তাঁর পক্ষের নেতারা। তাঁরা মালিকপক্ষের সঙ্গে বসে বেতন–ভাতা পরিশোধের দিনক্ষণ ঠিক করেন।

শুভাকাঙ্ক্ষী শ্রমিকেরাও সেটা মেনে নেন। কিন্তু এর মধ্যে সেখানে হস্তক্ষেপ করে বসেন শহিদুল ইসলাম। বেতন আদায়ে শ্রমিকদের নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে যাওয়ার কথা বলেন তিনি। বিষয়টি ভালোভাবে নেননি মাজাহারুল ও তাঁর পক্ষের নেতারা। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শহিদুলের ওপর তাঁরা হামলা করেন।

গাজীপুরের টঙ্গীতে শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের পেছনে এখন পর্যন্ত এমন কারণই খুঁজে পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। শহিদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ছিলেন। গত ২৫ জুন টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডে সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হন। আর মাজাহারুল বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

আমরা ইতিমধ্যে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত, সেটি শনাক্ত করতে পেরেছি। এরপরও ঘটনার পেছনে কোনো শক্তির ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মো. ইমরান আহম্মেদ, গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার

নাম প্রকাশ না করার শর্তে তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মূলত কারখানাটিতে একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করতেই শহিদুলের ওপর হামলা করা হয়। মাজাহারুল টঙ্গীর পোশাক কারখানাগুলোর সমস্যা নিয়ে কাজ করতেন। অন্যদিকে শহিদুলের বাড়ি ছিল শ্রীপুরে। তা ছাড়া ঘটনায় জড়িত কারখানাটির মালিক ও শ্রমিকদের সঙ্গেও আগে থেকে সম্পর্ক ছিল তাঁর। সেই সূত্রে শহিদুল বা অন্য কেউ তাঁর এলাকায় এসে ক্ষমতা দেখাবেন বা তাঁর নিয়ন্ত্রণে থাকা শ্রমিকদের হয়ে কাজ করবেন, সেটা তিনি মেনে নিতে পারেননি। এর জেরেই শহিদুলের ওপর হামলা করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ জুন ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার। এখন পর্যন্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাজাহারুল (৩৫), রাসেল (৩২), আকাশ আহমেদ ওরফে বাবুল (৪৩) একই সংগঠনের নেতা। রাইসুল ইসলাম ওরফে রাতুল (১৯), জুলহাস আলী (২৩), সোহেল হাসান ওরফে সোহাগ (২৩) ও শাহীনুর ইসলাম (২১) টঙ্গীর সাতাইশ এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। আর মো. হানিফ (৫০) স্থানীয় বাসিন্দা। এর মধ্যে চারজন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আর গতকাল সোমবার সকালে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫–এ এসে আত্মসমর্পণ করেছেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সোহেল ওরফে রিপন। আত্মসমর্পণের পর সোহেল আদালতের কাছে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক ইকবাল হোসেন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার সূত্রপাত যেভাবে

কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মে ও জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত বেতন ও ঈদুল আজহার বোনাসের দাবিতে ১৮ জুন থেকে কারখানাটিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। ২১ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২৫ জুন সব পাওনা পরিশোধের কথা দেয় মালিকপক্ষ।

কিন্তু ওই দিন দুপুর পর্যন্ত বেতন পাননি শ্রমিকেরা। বিষয়টি জানতে পেরে বিকেলে মালিকপক্ষের সঙ্গে কথা বলেন মাজাহারুল। মালিকপক্ষ মাজাহারুলকে জানায়, ওই দিন বেতন দিতে পারবে না। পরের দিন দেবে। পরে মাজাহারুল তাঁর অংশের শ্রমিকদের বিষয়টি জানালে তাঁরা মেনে নেন। কিন্তু এর মধ্যে সন্ধ্যায় শহিদুল ও তাঁর পক্ষের তিন শ্রমিকনেতা সেখানে গেলে মাজাহারুল ক্ষিপ্ত হন। এর জেরেই ঘটনার সূত্রপাত।

আদালতে দেওয়া আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে শিল্প পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় মালিকপক্ষের সঙ্গে কথা বলতে ওই কারখানায় যান শহিদুল, মোস্তফা ও শরীফ। পরে তাঁদের সঙ্গে আরেক শ্রমিকনেতা আক্কাস যোগ দেন। কারখানায় যাওয়ার পথে তাঁদের সঙ্গে মাজাহারুল ও তাঁর সহযোগীদের দেখা হয়। তখন মাজাহারুল ও শহিদুলের মধ্যে কথা-কাটাকাটি হয়।

শহিদুল কেন টঙ্গীতে ঢুকেছেন, সেটা জানতে চান মাজাহারুল। পাশেই ‘তারা টেক্সটাইল’ নামে একটি কারখানায় সমস্যা হচ্ছে জানিয়ে শহিদুলকে সেখানে যেতে বলেন মাজাহারুল। তখন শহিদুল উত্তর দেন, ‘কোথায় যাব সেটা আমার ব্যাপার। তুই কে? তোকে জিজ্ঞেস করে যেতে হবে?’ এরপর মাজাহারুল ক্ষিপ্ত হয়ে শহিদুলকে মারধরের পরিকল্পনা করেন। পরে তাঁর নির্দেশে স্থানীয় লোকজন নিয়ে শহিদুলের ওপর হামলা করেন সোহেল।

শহিদুল হত্যা রহস্য উদ্‌ঘাটনে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সভাপতি ও গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত, তা শনাক্ত করতে পেরেছি। এরপরও ঘটনার পেছনে কোনো শক্তির ইন্ধন ছিল কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’ মালিকপক্ষের কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে আমরা অনেককেই জিজ্ঞাসাবাদ করছি। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সন্দেহভাজন সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।’