
সিরাজগঞ্জের চৌহালীতে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় আম্বিয়া খাতুন নামের (৫৫) এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়নের মোকারভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আম্বিয়া খাতুন ওই ইউনিয়নের খাসপুকুরিয়া উত্তরপাড়া গ্রামের শাজাহান আলীর স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আম্বিয়া খাতুন সকাল সাড়ে আটটার দিকে মোকারভাঙ্গা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়। পরে তাঁর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্রাক্টরটির চালক পালিয়ে গেছেন। তবে ট্রাক্টরটি থানায় আটক রাখা হয়েছে।