ফরিদপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ফরিদপুর জেলার মানচিত্র
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া ফকির (৫৫) ওই মহল্লার বাসিন্দা ছিলেন।

নিহত ব্যক্তির স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কিবরিয়া ফকিরের তিন ছেলের মধ্যে নাইম ফকির (২০) মেজ। তিনি ভাঙ্গা বাজার এলাকায় একটি খাবার হোটেলে কাজ করেন। বাবা ও মায়ের সঙ্গে পারিবারিক কলহের একপর্যায়ে নাইম তাঁর বাবার বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় কিবরিয়া ফকিরকে রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা বলেন, নিহত কিবরিয়ার বুক, গলা, ঘাড়, পিঠ ও কানে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই ছেলে নাইম পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ভাঙ্গা থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে লাশটি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।