
রাজশাহী রেলস্টেশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকালে স্টেশন থেকে আগামী ৫ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কাটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা।
রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ যাচাইয়ের মাধ্যমে আন্তনগর ট্রেনের টিকিট কাটতে হবে। রেলের কর্মকর্তারা পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকিট যাচাই করবেন। কেউ অন্যের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে ভ্রমণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যবস্থাকে ‘টিকিট যার ভ্রমণ তার’ বলছে রেলওয়ে। এ ব্যবস্থা টিকিট কালোবাজারি বন্ধে ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।
আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেনের টিকিট কাটার লম্বা সারি। টিকিটপ্রত্যাশী সবার হাতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ট্রেনের টিকিট কাউন্টারে থাকা অপারেটর জাতীয় পরিচয়পত্র যাচাই করে টিকিট বিক্রি করছেন। যাঁরা পরিচয়পত্র দেখাতে পারছেন না, তাঁদের টিকিট দেওয়া হচ্ছে না।
রাজশাহী নগরের কাজলা এলাকা থেকে টিকিট কিনতে এসেছিলেন আবদুল কাইয়ূম। তিনি টিকিট কাটার পর বলেন, ‘এই সিস্টেমটা ভালো হয়েছে। এখন জাতীয় পরিচয়পত্র কাজে লাগছে। এটা শুধু ভোটের জন্য হতে পারে না। এর মাধ্যমে টিকিট কালোবাজারি বন্ধ হবে বলে আমার ধারণা।’
আরেক ক্রেতা মো. হাফিজুর রহমান পবা উপজেলার নওহাটা থেকে ট্রেনের টিকিট কাটতে সকাল থেকে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, সব ভালো উদ্যোগ নেয় রেলওয়ে। কিন্তু বাস্তবায়ন করা হয় না। কালোবাজারিরা আরও নতুন কৌশল নেয়। তিনি শুনেছেন, ৫ মার্চ থেকে টিকিট যাচাই করা হবে। কিন্তু এত লোকবল আছে তো রেলওয়ের?
টিকিট কাটতে এসে জাতীয় পরিচয়পত্র না আনতে পেরে অনেকেই বিপাকে পড়েন। অনেকে মনে করছিলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়াই হয়তো আজ টিকিট কিনতে পারবেন। কিন্তু তাঁরা পারেননি। রাজশাহী নগরের কাজীহাটা থেকে আসা মো. রায়হান আলী তাঁদের একজন। তিনি বলেন, তিনি জানতেন না যে আজ থেকে জাতীয় পরিচয়পত্র লাগবে। অনেক সময় লাইনে দাঁড়িয়ে কাউন্টার পর্যন্ত গিয়ে শুনতে পারেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকিট বিক্রি হবে না। পরে তিনি জাতীয় পরিচয়পত্র আনতে যান।
রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, আজ থেকে জাতীয় পরিচয়পত্র দেখে টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনেও এ জন্য অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজশাহী অঞ্চলে ৪০ হাজারের বেশি মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। তিনি আরও বলেন, ‘অনলাইন সার্ভারে জ্যামের কারণে টিকিট দিতে দেরি হচ্ছে। এ ছাড়া অপারেটররা জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে টিকিট বিক্রি করছেন। এ কারণেও দেরি হচ্ছে। তবে এটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে।’
আবদুল করিম বলেন, আজ টিকিট দেওয়া হচ্ছে ৫ মার্চ ভ্রমণের। টিকিট যাচাইয়ের জন্য প্রতিটি ট্রেনভিত্তিক একটি দল গঠন করা হচ্ছে। বিশেষ যন্ত্রের সাহায্যে টিকিট যাচাই করা হবে। কারও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ট্রেনের টিকিট না মিললে জরিমানা করা হবে। তিনি আরও বলেন, এর মাধ্যমে টিকিট কালোবাজারি বন্ধ হবে। এ ছাড়া রেলওয়ের এ উদ্যোগ স্মার্ট বাংলাদেশ গড়তেও সাহায্য করবে।