ভোটাররা বলছেন, কাগজে–কলমে চারজন চেয়ারম্যান প্রার্থী হলেও ভোটের মাঠে রয়েছেন মাহফুজুর রহমান ও বাবুল হোসেন।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রমেই উত্তপ্ত হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রাজনীতির মাঠ। দুজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে–বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের মধ্যেও বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। শেষ সময়ে প্রার্থীদের দিনরাত প্রচারণায় ভোটের মাঠও সরগরম।
২১ মে দ্বিতীয় দফায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট হবে। এবারের নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৪২টি কেন্দ্রে ৩ লাখ ৫০ হাজার ৬৩২ জন ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে। প্রার্থী ও নির্বাচনী ডামাডোলের হিসেবে তিন উপজেলার মধ্যে সোনারগাঁয়ে সবচেয়ে বেশি জমে উঠেছে নির্বাচন। জেলার তিনটি উপজেলার মধ্যে একমাত্র সোনারগাঁয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। ফলে অন্য দুই উপজেলার তুলনায় সোনারগাঁয়ে প্রার্থী ও প্রচার–প্রচারণা বেশি। সেই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও বেশি ঘটছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোনারগাঁয়ে চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (ঘোড়া প্রতীক), উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন (আনারস প্রতীক), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম প্রতীক)। তাঁরা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল ফয়েজ শিপন, এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মাছুম চৌধুরী ও আজিজুল ইসলাম। নারী ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন ও মাহমুদা আক্তার লড়ছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে একজন ছাড়া অন্য সবাই আওয়ামী লীগ নেতা। ভাইস চেয়ারম্যান পদে জাহাঙ্গীর হোসেন জাকের পার্টি ছেড়ে বিএনপিতে এসে নির্বাচনে অংশ নেন। পরে তাঁকে বহিষ্কার করে বিএনপি।
কয়েক দফায় সোনারগাঁ ঘুরে প্রার্থীদের পোস্টার, ব্যানার–ফেস্টুন, মাইকিং আর গণসংযোগ চোখে পড়েছে। সোনারগাঁয়ের প্রায় প্রতিটি অলিগলিতেই ছিল নির্বাচনী আমেজ। জেলার অন্যান্য এলাকার ভোটারদের তুলনায় সোনারগাঁয়ের ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে।
ভোটাররা বলছেন, কাগজে–কলমে চারজন চেয়ারম্যান প্রার্থী হলেও ভোটের মাঠে রয়েছেন মাহফুজুর রহমান ও বাবুল হোসেন। সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকলেও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেনের সমর্থন পাচ্ছেন বাবুল ওমর। এদিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর চৌধুরী, সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের ছেলে এরফান হোসেনসহ আওয়ামী লীগের একাংশের সমর্থন পাচ্ছেন মাহফুজুর রহমান।
সম্প্রতি সরেজমিন কয়েক দফায় সোনারগাঁ ঘুরে প্রার্থীদের পোস্টার, ব্যানার–ফেস্টুন, মাইকিং আর গণসংযোগ চোখে পড়েছে। সোনারগাঁয়ের প্রায় প্রতিটি অলিগলিতেই ছিল নির্বাচনী আমেজ। জেলার অন্যান্য এলাকার ভোটারদের তুলনায় সোনারগাঁয়ের ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে বেশি।
গত শুক্রবার ঐতিহাসিক পানামনগর বাজারের একটি খাবার রেস্তোরাঁয় কথা হয় স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে। একসঙ্গে বসে তাঁরা টেলিভিশনে খবর দেখছিলেন। সেখানে মাহফুজুর রহমানের পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতা আবু জাফর চৌধুরীর বংশ উচ্ছেদ করা নিয়ে দেওয়া বাবুলের বক্তব্য দেখানো হচ্ছিল। খবর দেখতে দেখতেই আমির আলী নামের এক দোকানি অনেকটা চিৎকারের স্বরে বলে ওঠেন, ‘অইছেনি কাম, নে এবার জমছে খেলা।’ আমির আলীর কথায় ফোড়ন কাটেন স্থানীয় বাসিন্দা পিয়ার আলী, আবুল হোসেন ও আকরাম মিয়া। পিয়ার আলী বলে ওঠেন, ‘মাঠে ফাউল করছে, লাল কার্ড পাইব। এইটা খেলা হইলনি? ভোটের দিন দেখা যাইব কে কেমন খেলোয়াড়।’
এই ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা সবাই কোনো না কোনো প্রার্থীর সমর্থক। ভোটের দিন সবারই ভোট দেওয়ার ইচ্ছা আছে। তবে নির্বাচনের পরিবেশ সংঘাতপূর্ণ হয় কি না, তা নিয়ে তাঁদের যত ভয়।
আকরাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘পরিবারে (স্ত্রী) বলা আছে, পরিস্থিতি দেইখা কেন্দ্রে যাইতে। হাবভাব ভালা ঠেকতাছে না।’
তাঁরা কেন সংঘাতের আশঙ্কা করছেন, এমন প্রশ্নে আকরাম বলেন, ‘দুই পক্ষই বেশ শক্তিশালী। একজন সের অইলে আরেকজন সোয়া সের। বাবুল সাব বিরু সাবের বংশ উচ্ছেদের হুমকি দিছে। বিরু সাব আর কালাম (মাহফুজুর রহমান) সাব কি তাগো ছাইড়া দিব। সুযোগ পাইলে দেখবেন ভোটের আগেই ঝামেলা পাকাই যাইব।’
আবুল হোসেন জানান, বিএনপির বর্জন করা এই ভোট নিয়ে তাঁর তেমন আগ্রহ ছিল না। কিন্তু নির্বাচনের শেষ সময়ে এসে মনে হয়েছে তাঁর ভোট দিতে যাওয়া দরকার, তাই কেন্দ্রে যাবেন তিনি।
তবে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না বিবেচনায় ভোটকেন্দ্রে যাবেন না এমন ভোটারও রয়েছেন সোনারগাঁয়ে। তেমনই দুজন বারদী ইউনিয়নের বাসিন্দা মো. আরিফুর রহমান ও সৈকত আলী। এই দুই তরুণের সঙ্গে কথা হয় মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায়। তাঁদের নির্বাচন–ভাবনা জানতে চাইলে বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তাঁদের সামনে প্রথম ভোট দেওয়ার সুযোগ আসে। কেন্দ্রে গিয়ে জানতে পারেন তাঁদের ভোট হয়ে গেছে। তারপর আর কখনো তাঁরা কেন্দ্রে যাননি। উপজেলা পরিষদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকায় তাঁরা কেন্দ্রে যাবেন না বলে মনস্থির করেছেন।
উপজেলার কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, শুরুতে শান্তিপূর্ণই ছিল নির্বাচনের পরিবেশ। তবে যখন থেকে বাবুলের পক্ষে বর্তমান ও সাবেক সংসদ সদস্যের সমর্থনের কথা চাউর হয়, তখন থেকেই ভোটের মাঠ উত্তপ্ত হয়ে ওঠে। তারপর মাহফুজুর ও বাবুলের লোকজন একে অপরকে ঘায়েল করতে বক্তব্য দিতে শুরু করেন। পাল্টাপাল্টি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এরই মধ্যে থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি), দুটি মানববন্ধন, একটি সংবাদ সম্মেলন হয়েছে। তবে আজ শনিবার পর্যন্ত উপজেলার কোথাও সংঘাতের খবর পাওয়া যায়নি। এর মধ্যে ভোটারদের কেন্দ্রে না আসতে হুমকি, একজন আওয়ামী লীগ নেতার বংশ উচ্ছেদের হুমকি ও বিধি ভেঙে শোডাউনের অভিযোগে দুই দফায় বাবুল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি।
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নে আবু জাফর চৌধুরী বিরুর বাড়ির পাশের একটি নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন বাবুল হোসেন। বক্তব্যে তিনি ভোটে বিজয়ী হলে দুই মাসের মধ্যে সোনারগাঁ থেকে ‘চৌধুরী বংশ’ উচ্ছেদ করার হুমকি দেন। তা না পারলে চেয়ারম্যান পদ ছেড়ে দেবেন বলেও জানিয়েছেন তিনি। মাহফুজুরকে সমর্থন দেওয়ায় আবু জাফর চৌধুরীর বিরুদ্ধে বাবুল এমন বিষোদ্গার করেছেন বলে মনে করেন স্থানীয় বাসিন্দা ও ভোটাররা।
বাবুল হোসেনের এমন বক্তব্যের পর শুক্রবার বিকেলে জামপুর ইউনিয়নে প্রতিবাদী মানবন্ধন করে আবু জাফরের সমর্থকেরা। এ সময় তাঁরা আপত্তিকর বক্তব্যের জন্য বাবুলের প্রার্থিতা প্রত্যাহারের দাবি জানান।
এরই মধ্যে শুক্রবার সকালে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় জিডি করেন জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া। জিডিতে তিনি অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে তিনি বাবুল হোসেনের পক্ষে নির্বাচন করছেন। এ কারণের মাহফুজুরের পক্ষের লোকজন প্রতি রাতেই মোটরসাইকেলে করে এসে তাঁর বাড়ির সামনে মহড়া দিচ্ছে এবং তাঁকে উদ্দেশ্য করে গালাগাল ও হুমকি দিচ্ছে।
এর আগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাতকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে থানায় জিডি করেন এক ছাত্রলীগ নেতা। পরে গাজী মজিবুরকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করে উপজেলা ছাত্রলীগ। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সংবাদ সম্মেলন করেন গাজী মজিবুর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে উদ্দেশ্যমূলকভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
নির্বাচনের এমন পরিবেশ বিষয়ে জানতে চাইলে মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দল কোনো প্রার্থী দেয়নি। সে হিসাবে আমরা সবাই স্বতন্ত্র। যে যার মতো প্রচারণা চালাব, ভোটাররা যাকে খুশি ভোট দেবে—এমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল, একটি পক্ষ সব জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাঁরা নির্বাচনী বিধি এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছেন। আমরা এসব বিষয়ে ভোটারদের কাছে জানাচ্ছি। ভোটাররা ভোটের দিন রায় দেবেন। তাঁরাই প্রকৃত বিচারক।’
ভোটাররা আনারস প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছে দাবি করে বাবুল হোসেন বলেন, ‘আমি নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজমুক্ত সোনারগাঁ গড়তে সংসদ সদস্যের সঙ্গে মিলে কাজ করবো। সোনারগাঁ হবে আধুনিক, শিল্পোন্নত শিক্ষা ও পর্যটনবান্ধব উপজেলা।’