গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার পরদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন চট্টগ্রামের সন্ত্রাসী মো. রায়হান। গতকাল সোমবার রাতে ফটিকছড়ির সুয়াবিলে তিনি ও তাঁর সহযোগীদের ছোড়া গুলিতে ছয়জন আহত হওয়ার ঘটনার পর আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এ পোস্ট দেন তিনি। অথচ তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তাঁকে খুঁজে পেতে স্থানীয় লোকজনের সহায়তা চেয়ে মাইকিংও করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে ফটিকছড়ির সুয়াবিলের শোভনছড়ি ও চুরখারহাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন আহত হন। এ ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে রাত ১১টার দিকে চুরখারহাট বাজারে উপস্থিত লোকজনের উদ্দেশে হাতমাইকে ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ।
ঘোষণায় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান সুয়াবিল এলাকায় লুকিয়ে আছেন। তাঁকে খুঁজে বের করতে স্থানীয় লোকজনকে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে বলেন তিনি। রায়হানকে জীবিত ধরতে সবার সহযোগিতাও চান। পুলিশ কর্মকর্তার ভাষায়, ‘ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে।’
এর আগে গত রোববার ফটিকছড়িতে পুলিশের এক সোর্স মো. আফসারকে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ফেসবুক পোস্টে রায়হান দাবি করেন, ‘আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছি। শান্তভাবে যাচ্ছিলাম, রাস্তা আটকাবি কেন?’ গুলিতে আহত ব্যক্তিদের কারও টাকাপয়সার প্রয়োজন হলে তাঁকে ইনবক্সে যোগাযোগ করতে বলেন। একই সঙ্গে হুমকি দিয়ে লেখেন, ভবিষ্যতে গাড়ি আটকানোর আগে ভেতরে কে আছেন, তা যেন জেনে নেওয়া হয়।
জানতে চাইলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজ প্রথম আলোকে বলেন, পলাতক সন্ত্রাসী রায়হান ফটিকছড়ি এলাকায় অবস্থান করছেন, এমন তথ্য পেয়ে গত রোববার থেকে অভিযান চালাচ্ছে পুলিশ। একপর্যায়ে পুলিশ নিশ্চিত হয়, রায়হান সুয়াবিল এলাকায় অবস্থান করছেন। তাঁকে ধরতে অভিযান চালানোর সময় তাঁর সহযোগীরা পালিয়ে যাওয়ার পথে ফাঁকা গুলি ছোড়েন। এর আগে রায়হানের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, রায়হানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি ফটিকছড়ি এলাকায় আছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
মাইকিং করার কারণ জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, রায়হানকে ধরতে পুলিশ গোপনে অভিযান চালাচ্ছিল। পরে নিশ্চিত হয়, তিনি সুয়াবিল এলাকায় অবস্থান করছেন। স্থানীয় কারও বাসায় তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের। তিনি যাতে পালিয়ে যেতে না পারেন এবং কেউ যাতে তাঁকে আশ্রয় না দেন, সে বিষয়ে লোকজনকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। মাইকিংয়ের কারণে রায়হান এলাকা ছাড়তে পারেননি বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন তিনি। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি করেন বলেও অভিযোগ রয়েছে।
বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হান। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত রায়হান স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনেন। এ কারণে তিনি নিজের অবস্থান গোপন রাখতে পারছেন এবং তাঁকে গ্রেপ্তার করা কঠিন হচ্ছে।
এর আগে গত ২৯ জুলাই রায়হানকে গ্রেপ্তারে নোয়াখালী এলাকায় অভিযান চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। সে সময় একটি বাসার ছাদ টপকে পালিয়ে যান তিনি। পলাতক অবস্থায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন রায়হান। কখনো প্রতিপক্ষকে কেটে টুকরা টুকরা করার, আবার কখনো চাঁদা না দিলে গুলি করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।