রাজবাড়ীতে প্রকৌশলীকে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার ১, পরে মুক্তির দাবিতে মিছিল

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজবাড়ীতে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিতের অভিযোগে করা মামলায় শান্ত গোস্বামী (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে রেলস্টেশন–সংলগ্ন ফুলতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতেই থানার সামনের বিক্ষোভ মিছিল করেন স্থানীয় লোকজন। স্থানীয় লোকজনের দাবি, শান্ত ঘটনার সঙ্গে জড়িত নন।

গ্রেপ্তার শান্ত গোস্বামী ভবানীপুর গ্রামের ফুলতলা এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কর্মী ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান ওরফে পলাশের সমর্থক হিসেবে পরিচিত। এর আগে গতকাল দুপুরে কাউন্সিলর মাহবুবুর রহমানের বিরুদ্ধে লাঞ্ছিত করার অভিযোগ এনে মামলা করেন রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস। ওই মামলায় মাহবুবুর রহমান ও মো. কাওসারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করা হয়।

প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় আজ প্রথম আলোর শেষ পাতায় ‘কাউন্সিলরের বিরুদ্ধে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

মামলা সূত্রে জানা গেছে, রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে। গত সোমবার সকালে সীমানাপ্রাচীর নির্মাণকাজ দেখভাল করতে যান গৌতম বিশ্বাস। এ সময় কাউন্সিলর মাহবুবুর রহমান, মো. কাওসারসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেন। একপর্যায়ে মাহবুবুর রহমান ও তাঁর লোকজন গৌতম বিশ্বাসকে লাঞ্ছিত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার পর প্রকৌশলীকে লাঞ্ছিতের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল দিনভর নানা কর্মসূচি পালন করা হয়। রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন, সমাবেশ, স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালিত হয়। পরে গতকাল রাত ৮টার দিকে শান্ত গোস্বামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে রাজবাড়ী রেলওয়ে থানায় নিয়ে আসা হয়। এ সময় শান্ত গোস্বামীর মুক্তির দাবিতে রাত ৯টার দিকে ফুলতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

পুলিশি হেফাজতে শান্ত গোস্বামী প্রথম আলোকে বলেন, ‘মামলার এজাহারে আমার নাম নেই। আমি প্রকৌশলীকে লাঞ্ছিত করিনি। আমার বিরুদ্ধে প্রকৌশলী বা পুলিশের করা অভিযোগ সঠিক নয়।’

এর আগে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মাহবুবুর রহমান। তিনি বলেন, ওই প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ সঠিক নয়। ওই রাস্তা দিয়ে স্থানীয় প্রায় এক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তাটি বন্ধ করে দেওয়া হচ্ছে। স্থানীয় কাউন্সিলর হিসেবে তিনি সেখানে উপস্থিত হয়ে রাস্তা বন্ধ না করার জন্য প্রতিবাদ করেছেন।

স্থানীয় লোকজনের দাবির বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, গতকাল রাতে শান্ত গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। শান্ত গোস্বামী হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মামলার বাদী নিজেই শান্ত গোস্বামীকে শনাক্ত করেছেন। আজ বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।