
আগামী ১১ মার্চ ময়মনসিংহ সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার বিকেলে নগরের তারেক স্মৃতি মিলনায়তনে বিশেষ বর্ধিত সভা করে আওয়ামী লীগ। ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভাগের চার জেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ময়মনসিংহের মানুষের উন্নয়ন হয়। বর্তমান সরকার ময়মনসিংহকে বিভাগ ও সিটি করপোরেশন করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে চার লেনে উন্নীত করার পাশাপাশি নানা উন্নয়ন করেছে। ময়মনসিংহবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। ১১ মার্চ আবার সারা দেশকে জানিয়ে দেবে। আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহবাসী আবার শেখ হাসিনাকে সমর্থন জানাবেন।
স্থানীয় নেতারা বলেন, ১১ মার্চ প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সর্বশক্তি দিয়ে কাজ করবে ময়মনসিংহ আওয়ামী লীগ। জেলা ও মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করে জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটাবে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে ময়মনসিংহে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন ও প্যানা লাগানো শুরু হয়েছে।