
প্রশিক্ষণের সময় মারা যাওয়া রাজশাহীর বাগমারার সেই স্কুলশিক্ষকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সহকর্মীরা। তাঁরা প্রশিক্ষণের সম্মানির একটি অংশ ওই পরিবারের হাতে তুলে দেন। আজ রোববার বিকেলে প্রশিক্ষণ শেষে এ অর্থ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল শনিবার প্রশিক্ষণ চলার সময় অসুস্থ হয়ে মারা যান উপজেলার কাতিলা সবুজ সংঘ স্কুল অ্যান্ড কলেজের গণিত বিষয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান (৫০)।
প্রশিক্ষণের শেষ দিনে আজ বিকেলে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানি ভাতা দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণে অংশ নেওয়া ৬১২ জন প্রশিক্ষণার্থী ও ৩৩ জন প্রশিক্ষক ৫ দিনের সম্মানির একটি অংশ প্রয়াত শিক্ষকের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা তাঁদের সম্মানির একটি অংশ প্রয়াত শিক্ষকের পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। উপজেলা শিক্ষক সমিতির একটি প্রতিনিধিদল শিক্ষকের বাড়িতে গিয়ে সন্ধ্যায় এ অর্থ তুলে দেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জাতীয় শিক্ষাক্রম রূপরেখার আলোকে শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। পাঁচ দিনের এ প্রশিক্ষণের গতকাল ছিল চতুর্থ দিন। উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অন্যদের সঙ্গে শিক্ষক হাফিজুর রহমানও অংশ নেন।
গতকাল প্রশিক্ষণের শুরুতে আগের দিনের অভিজ্ঞতা বিনিময় করছিলেন প্রশিক্ষণার্থীরা। শিক্ষক হাফিজুর রহমানেরও অভিজ্ঞতা বিনিময়ের কথা ছিল। হঠাৎ সকাল সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে মারা যান।
হাফিজুর রহমানের বাড়ি উপজেলার কোনাবাড়িয়া গ্রামে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাঁর সহকর্মী মতিউর রহমান, আফাজাল হোসেনসহ অন্যরা বলেন, অন্য দিনের মতো গতকাল (শনিবার) সকালে হাফিজুর রহমান তাঁদের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেন। সকাল ৯টায় প্রশিক্ষণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে কক্ষের মেঝেতে পড়ে যান। সহকর্মীরা অচেতন অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।