শাহীদুল গাজীকে হারিয়ে পরিবারে স্বজনেরা শোকাহত। আজ রোববার সকালে কয়রার বগা গ্রামে নিহত শহীদুল গাজীর বাড়িতে
শাহীদুল গাজীকে হারিয়ে পরিবারে স্বজনেরা শোকাহত। আজ রোববার সকালে কয়রার বগা গ্রামে নিহত শহীদুল গাজীর বাড়িতে

‘ছোট দুটো মাইয়ে এতিম করে ছাওয়ালডা অকালে চইলে গেল’

খুলনার কয়রা উপজেলা থেকে ধান কাটতে গোপালগঞ্জে গিয়ে লাশ হয়ে ফিরেছেন দুই শ্রমিক। গতকাল শনিবার সকালে গোপালগঞ্জ থেকে ধান নিয়ে বাড়ি ফেরার সময় কয়রা-খুলনা সড়কের হরিশচন্দ্রকাটি এলাকায় ধানবোঝাই ট্রাক উল্টে ওই দুই শ্রমিক মারা যান।

নিহত দুই শ্রমিক হলেন কয়রা উপজেলার বগা গ্রামের মৃত তালেব গাজীর ছেলে শাহীদুল গাজী (৩৮) ও মাদারবাড়ীয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩২)। গতকাল রাতে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দুজনের লাশ দাফন করা হয়েছে।

আজ রোববার সকালে কয়রা উপজেলার মাদারবাড়ীয়া গ্রামে নিহত মনিরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, ট্রাকে করে যে ধানের বস্তাগুলো নিয়ে বাড়ি ফিরছিলেন, তা ঘরের বারান্দায় স্তূপ করে রাখা। সেই বস্তার পাশে বসে মনিরুলের মা শাহানারা খাতুন বুক চাপড়িয়ে কাঁদছিলেন। তাঁর পাশে বসে প্রতিবেশীরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।

নিহত মনিরুল ইসলাম দুই সন্তানের বাবা ছিলেন। মা, বাবা, স্ত্রী রুপালি বেগম, চার বছরের মেয়ে ঊর্মি ও দুই বছরের মেয়ে ফারজানাকে নিয়ে তাঁর সংসার ছিল। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। স্ত্রী রুপালি বেগম বলেন, মনিরুল ধান নিয়ে গোপালগঞ্জ থেকে রওনা হওয়ার আগে মুঠোফোনে মেয়েদের কী কী লাগবে, তা জানতে চেয়েছিলেন। কিন্তু তাঁর আর বাড়ি ফেরা হলো না। ফিরেছে তাঁর নিথর দেহ।
কান্না চেপে রেখে মনিরুলের বাবা তোফাজ্জেল সরদার বলেন, ‘ছেলেটা ধান কাটতি যাবার আগে কইয়ে গেছে, বাড়ি আইসে থাকার ঘরের টিন কিনে ছেয়ে ফেলবে। এখন কেডা টিন কিনে দেবে, আর কেডায় ঘর ছাইয়ে দেবে। ছোট দুটো মাইয়ে এতিম করে ছাওয়ালডা আমার অকালে চইলে গেল।’

স্বজন ও গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল গোপালগঞ্জ থেকে ধান কাটা শেষে ভাগের ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন ১৩ জন শ্রমিক। পথে হরিশচন্দ্রকাটি এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে মনিরুল ও শহীদুল নিহত হন। দুই শ্রমিকই ছিলেন হতদরিদ্র পরিবারের। তাঁরাই ছিলেন নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের হারিয়ে পরিবারের সদস্যরা দিশাহারা হয়ে পড়েছেন।
এদিকে আজ সকালে কয়রার বগা গ্রামের নিহত শ্রমিক শহীদুল গাজীর বাড়িতে দেখা যায়, ঘরের বারান্দায় বসে তাঁর স্ত্রী মাসুরা বেগম ও একমাত্র মেয়ে মীম কাঁদছিল। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদুলের একমাত্র মেয়ে মীম স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে।

বাড়ির উঠানে নিহত শ্রমিক মনিরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তান। পাশে স্বজনেরা। রোববার সকালে কয়রা উপজেলার মাদারবাড়ীয়া গ্রামে

কাঁদতে কাঁদতে মীম বলছিল, ‘বাবা নেই, আমাগে এখন দেখবে কে? ঘরের দরজায় দাঁড়িয়ে মা বলে ডাকবে কে? আমাকে কে আদর করবে?’

স্থানীয় লোকজনের ভাষ্য, শহীদুল ও মনিরুলের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তাঁরা দুজনই একসঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে দিনমজুরির কাজ করতেন। প্রতিবছর এই সময়ে ধান কাটতে যান তাঁরা। এবার প্রত্যেকে ১৪ বস্তা করে ধান ভাগে পেয়েছিলেন। ধান বাড়িতে রেখে আবার রাজমিস্ত্রির সঙ্গে কাজে যাওয়ার কথা তাঁদের। তাঁরা সব সময় কাজের মধ্যে থাকতেন। এখন তাঁদের হারিয়ে দুই পরিবার অসহায় হয়ে পড়েছে।

নিহত শহীদুল গাজীর স্ত্রী মাসুরা বেগম বলেন, তাঁর স্বামী গত ২০ এপ্রিল কয়রা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাজবাড়ী গ্রামে যান। সেখানে কাজ শেষে ২৮ দিন পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আবার কয়রার উদ্দেশে ট্রাকে করে রওনা দেন তাঁরা। গতকাল সকালে ফেরার পথে হরিশচন্দ্রকাটি এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে দুর্ঘটনাটি ঘটে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিক উজ জামান বলেন, ঘটনাটি মর্মান্তিক। তিনি কীভাবে তাঁদের পরিবারকে সান্ত্বনা দেবেন, বুঝতে পাচ্ছেন না। তিনি চেষ্টা করবেন তাঁদের পাশের থাকার। অসহায় পরিবার দুটিকে সহায়তার জন্য কাজ শুরু করেছেন।