আমিন মিয়াকে আটক করে নিয়ে যাচ্ছে পু‌লিশ। আজ সোমবার সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাবুর বাজার এলাকায়
আমিন মিয়াকে আটক করে নিয়ে যাচ্ছে পু‌লিশ। আজ সোমবার সকালে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাবুর বাজার এলাকায়

সিলেটে ভারতের নাগরিক সন্দেহে যুবক আটক

সিলেটের জকিগঞ্জে ভারতের নাগরিক সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় ব্যক্তিরা। আজ সোমবার সকালে জকিগঞ্জের বাবুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আটক যুবকের নাম আমিন মিয়া (২৫)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা ছিলেন। জায়গাজমি বিক্রি করে তিনি ভারতে চলে গিয়েছিলেন। সম্প্রতি তিনি আবার দেশে ফিরে এসেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিন মিয়া ভারতীয় আধার কার্ডের তথ্য ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির উদ্দেশ্যে আজ সকাল সাড়ে ১০টার দিকে জকিগঞ্জের বাবুর বাজার এলাকার একটি কম্পিউটার ও প্রিন্টিংয়ের দোকানে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে ওই দোকানের মালিক মাহবুর সুলতান কৌশলে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তি প্রথমে নিজের নাম রাব্বি আহমদ বলে জানালেও পরবর্তী সময়ে খোঁজ নিয়ে তাঁর নাম আমিন মিয়া বলে জানা গেছে। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের কারণে তিনি বাংলাদেশে এসেছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, পুলিশ প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছে, আটক ব্যক্তি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। এ বিষয়ে ওই এলাকার জনপ্রতিনিধির সঙ্গেও কথা হয়েছে। ওই যুবক আগে দেশ থেকে জমিজমা বিক্রি করে ভারতের আগরতলায় চলে গিয়েছিলেন। এরপর সম্প্রতি আবার দেশে ফিরেছেন। এ বিষয়ে আরও যাচাই-বাছাই করা হচ্ছে।