
সিলেটের জৈন্তাপুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাসউদ আজহার (৪০) নামের এক মাদ্রাসার মুহতামিমকে (প্রতিষ্ঠানপ্রধান) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাসউদ আজহার উপজেলার একটি মাদ্রাসার মুহতামিম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি সকাল আটটায় মাদ্রাসার কার্যালয়ে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান মাদ্রাসার মুহতামিম মাসউদ আজহার। এ ঘটনায় আজ বিকেলে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী জৈন্তাপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলার পর মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে কাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। শিশুটিকে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।