চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ 

এক বছর ধরে নেতৃত্বশূন্য

চারটি উপজেলায় মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী সাতজনই বিবাহিত।

■ জেলা ছাত্রলীগের চার সদস্যের কমিটিকে বিলুপ্ত করা হয় ২০২১ সালে। 

■ সভাপতি ও সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ এক বছরের বেশি সময় ধরে নেতৃত্বশূন্য। জেলার চার উপজেলায় ছাত্রলীগের কমিটি বহাল রয়েছে এক যুগ। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট সাত বছর ধরে বিলুপ্ত। এ রকম পরিস্থিতির মধ্যেই আজ বুধবার ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

চারটি উপজেলায় ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্ব পালনকারী আটজনের মধ্যে সাতজনই বিবাহিত। ছাত্রত্ব নেই একজনেরও।

সর্বশেষ ২০১০ সালের ৯ অক্টোবর ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়। শরীফ হোসেন সভাপতি ও মোহাইমেন হাসান জোয়ার্দ্দার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। একপর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলের ভেতরে দুটি ধারা স্পষ্ট হয়ে ওঠে। নিজেদের মধ্যেই হামলা ও মামলায় জড়িয়ে পড়েন দলীয় নেতা-কর্মীরা। 

২০১৬ সালের ১২ মার্চ দুপুরে শহরের মাস্টারপাড়ায় দুর্বৃত্তের হামলায় শহরের জ্বীনতলা পাড়ার খবির উদ্দিন সরদারের ছেলে হানিফ উদ্দিন ওরফে ভুলু খুন হন। আহত হন আকাশ নামের আরও একজন। এ ঘটনায় পুলিশ শহরের একটি আবাসিক হোটেল থেকে ধারালো অস্ত্রসহ তিন যুবককে আটক করে। খুনোখুনির ঘটনায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর নাম আসে আলোচনায়। এ অবস্থায় কেন্দ্রীয় কমিটি ১২ মার্চ রাতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

এর প্রায় ১৫ মাস পর ২০১৭ সালের ২ জুন আগের কমিটির সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দারকে সভাপতি, শাহাবুল হোসেনকে সহসভাপতি, জানিফ হোসেনকে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে চার সদস্যের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এই চারজনকে অধীন ইউনিটগুলোর কমিটি হালনাগাদসহ পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনে তিন মাস সময় বেঁধে দেয়। তবে চার বছরের বেশি সময় পরও কোনো কমিটি গঠন হয়নি। এ সময়ে সভাপতি ও সহসভাপতির নেতৃত্বে একটি এবং সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে আরেকটি ধারা প্রকাশ্যে চলে আসে। কমিটি গঠনে ব্যর্থতা নিয়ে পরস্পরের অসহযোগিতার অভিযোগ করেন তাঁরা।

২০২১ সালের ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের চার সদস্যের এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। এ জন্য কেন্দ্রীয় সহসভাপতি কামাল খান, উপসমাজসেবা সম্পাদক হাসানুর রহমান এবং উপমুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক আরিফ হোসেনকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়।

কেন্দ্রীয় এই তিন নেতা ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গায় আসেন এবং আগ্রহীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন। সভাপতি পদে ১৭ এবং সাধারণ সম্পাদক পদে ৭৮ জন জীবনবৃত্তান্ত জমা দেন। কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে কমিটিশূন্য রয়েছে ছাত্রলীগ।

বিলুপ্ত কমিটির সহসভাপতি শাহাবুল হোসেন দাবি করেন, কেন্দ্রীয় নেতাদের কমিটি বাণিজ্যের কারণে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের কমিটি গঠিত হয়নি।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানিফ হোসেন বলেন, কেন্দ্রীয় নেতাদের অদূরদর্শিতার কারণে জেলায় ছাত্রলীগ বেহাল। সেই সঙ্গে স্থানীয় নেতাদের সমন্বয়হীনতার কারণে ছাত্রসংগঠনটি এখন অনেকটাই নিষ্প্রভ।

জেলা ছাত্রলীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটির সভাপতি শরীফ হোসেন এসব ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন, ‘আমাদের দায়িত্বকালে তৃণমূল থেকে ছাত্রলীগকে সংগঠিত করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু ২০১৬ সালের ১২ মার্চ হানিফ উদ্দিন খুনের পর জেলা কমিটি বিলুপ্ত হলে সবকিছু থমকে যায়।’