
চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের খননকাজ করতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন দুই শ্রমিক।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে নগরের হালিশহরের আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল ও প্রকল্প–সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তিরা হলেন মো. রাকিব (৩০) ও মো. আইনুল ইসলাম (২২)। আহত দুজন হলেন সাগর ও এরশাদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, মাটিচাপা পড়া চার শ্রমিককে উদ্ধার করে এখানে আনা হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর আহত দুজন এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হাসপাতালে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।
প্রকল্প–সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পের আওতায় পাইপ বসানোর আগে মাটি খুঁড়ে মাটির অবস্থা যাচাইয়ের কাজ চলছিল। প্রায় আড়াই মিটার মাটি খোঁড়া হয়েছিল। একপর্যায়ে যন্ত্রপাতিসহ মাটিচাপা পড়েন শ্রমিকেরা।
ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হাইড্রো পাইপ বসানোর এ কাজ করছে।
প্রকল্পের পরিচালক (পিডি) মোহাম্মদ আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পাইপ বসানোর আগে মাটির অবস্থা যাচাই করতে ‘ট্রায়াল পিট’ করা হয়। আজ ভোর চারটার দিকে এ কাজ করতে গিয়ে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়।’
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানান মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে নিহত দুই শ্রমিকের পরিবারকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
‘চট্টগ্রাম মহানগরের পয়োনিষ্কাশনব্যবস্থা স্থাপন’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়।
প্রকল্পের নথি অনুযায়ী, দৈনিক ১০ কোটি লিটার পরিশোধনক্ষমতার একটি পয়ঃশোধনাগার, দৈনিক ৩০০ ঘনমিটার সক্ষমতার একটি সেপটিক ট্যাংকের বর্জ্যশোধনাগার এবং প্রায় ২০০ কিলোমিটার পয়োনালা নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।