রাঙামাটির সাজেকে পাহাড়িদের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কস্মিতা ত্রিপুরা (৯) নামের এক শিশু হাতে গুলিবিদ্ধ হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নোয়াপাড়া ও হাজাছড়ার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীদের মধ্যে এ গোলাগুলি হয়। গোলাগুলির এক পর্যায়ে স্থানীয় উলেন্দ্র ত্রিপুরার ৯ বছর বয়সী মেয়ে কস্মিতা ত্রিপুরার হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা প্রথম আলোকে বলেন, ‘ইউপিডিএফ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে এবং পাহাড়িদের অধিকার আদায়ের লক্ষ্যে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে। সাজেকে বন্দুকযুদ্ধের বিষয়টি আমরা অবগত নই। তবে আমাদের তথ্যমতে, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা নোয়াপাড়া নামের একটি গ্রামে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে এক শিশু আহত হয়েছে।’
জানতে চাইলে জেএসএস রাঙামাটি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা প্রথম আলোকে বলেন, এ ঘটনার সঙ্গে জেএসএস সম্পৃক্ত নয়।