
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ রোববার। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মোনাজাত শুরুর কথা রয়েছে। মোনাজাতে অংশ নিতে আসা মানুষ ইজতেমার মাঠে জায়গা না পেয়ে রাত থেকেই অবস্থান নেন সড়কে।
ইজতেমা আয়োজকদের মধ্যে শীর্ষস্থানীয় মুরব্বি খন্দকার মেজবাহ উদ্দীন বলেন, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মোনাজাত শুরু হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। চলবে দুপুর ১২টা বা তার কিছু পর পর্যন্ত।
তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। গত শুক্রবার সকালে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়েরপন্থীরা। আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ পর্বের ইজতেমা। এরপর ২০ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই পর্বে অংশ নেবেন সাদ কান্ধলভির অনুসারীরা।
আজ সকাল আটটার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে মেজবাহ উদ্দীন প্রথম আলোকে বলেন, প্রথমে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারকে দিয়ে মোনাজাত পরিচালনার সিদ্ধান্ত হয়েছিল। পরে তা পরিবর্তন করে মাওলানা জুবায়েরকে দেওয়া হয়েছে।
এদিকে মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার দুপুরের পর থেকেই টঙ্গীর ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন সাধারণ মুসল্লিরা। তাঁদের অধিকাংশই রাজধানী ঢাকা ও তার আশপাশের জেলার। দুপুরের পর থেকেই তাঁরা ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন। এর মধ্যে আজ জায়গা পাবেন না—এমন ভাবনায় রাত থেকেই তাঁরা অবস্থান নেন ইজতেমার মাঠসংলগ্ন সড়ক-মহাসড়কে।
গতকাল রাত সাড়ে ১২টার দিকে সরেজমিন দেখা যায়, টঙ্গীর ইজতেমা মাঠসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট থেকে আবদুল্লাহপুর, রাজধানী ঢাকার কামারপাড়া-টঙ্গীর মন্নুগেট সড়ক এবং ঢাকা-আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর থেকে কামারপাড়া পর্যন্ত পুরো এলাকায় প্রচুর মানুষ। সড়কের পাশের ঢালু জায়গা ও ফুটপাতে কাগজ, পাটি বিছিয়ে অবস্থান করছেন তাঁরা। কেউ কেউ দল বেঁধে হাঁটছেন সড়কে। পুরুষ মুসল্লির সঙ্গে নারীরাও এসেছেন বিভিন্ন এলাকা থেকে। জায়গা না পেয়ে তাঁরাও অবস্থান করছিলেন সড়কে।
ঢাকা-আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর কাঁচাবাজার এলাকায় সড়কের পাশে পাটির বিছানা পেতে অবস্থান করছিলেন সাত থেকে আট নারী। আজ কোথাও জায়গা পাবেন না—এমন চিন্তায় রাত থেকেই বসে পড়েছেন সড়কে। তাঁরা বসেন সড়কের পাশের ঢালু জায়গায়। কথা হয় আনোয়ারা বেগম নামের এক নারীর সঙ্গে। তিনি বলেন, তাঁরা কয়েকজন মিলে এসেছেন মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকা থেকে। বিকেলে বাসে আসেন আবদুল্লাহপুর। এরপর আশপাশের এলাকায় জুতসই জায়গা খোঁজেন। কিন্তু কোথাও জায়গা পাননি। পরে বাধ্য হয়ে অবস্থান নেন সড়কে।