
জ্বালানি তেলের দাম গত আট মাসের ব্যবধানে দুই দফায় বৃদ্ধি পাওয়ায় সংকটে পড়েছে দেশের সম্ভাবনাময় সামুদ্রিক মৎস্য খাত। জ্বালানি তেল, বিশেষ করে ডিজেলের দাম বাড়ায় এ খাতকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মত দিয়েছেন মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ খাতের ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে মুদ্রাস্ফীতির ধকলে এ খাতের বিনিয়োগ এখন হুমকির মুখে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সমুদ্রগামী ট্রলারগুলোর জ্বালানি, পরিচালন, জেলেদের খোরাকি ব্যয়, বরফ, মজুরি মিলিয়ে ব্যয় বেড়েছে ৭০ শতাংশ। ফলে আহরিত মাছ বিক্রি করে ব্যয় তুলে লাভ করা দুরূহ হয়ে গেছে। এর ওপর আছে বৈরী আবহাওয়া, ৬৫ দিনের সামুদ্রিক মৎস্য আহরণে নিষেধাজ্ঞা, ২২ দিনের মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, অভয়ারণ্যে দুই মাসের নিষেধাজ্ঞাসহ ১৪৮ দিনের নিষেধাজ্ঞা। এর বাইরে আছে আট মাসের জাটকা ধরায় নিষেধাজ্ঞা। সব মিলিয়ে এ খাতে খুব খারাপ প্রভাব পড়েছে।
এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাঁদের ব্যবসা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ, গত আট মাসে জ্বালানি খরচ প্রায় দ্বিগুণ হয়েছে এবং ডিজেলের দাম প্রতি লিটার ১১৪ টাকায় পৌঁছেছে। গত বছরের নভেম্বরে এর মূল্য ছিল প্রতি লিটার ৬৫ টাকা।
পাথরঘাটা উপজেলার বাদুড়তলা গ্রামের ট্রলারমালিক ইউনুস সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইলিশের ভরা মৌসুমে গত সপ্তাহে ২ লাখ ৫০ হাজার টাকার বাজার করে সাগরে গিয়ে মাছ শিকার করে ৪০ হাজার টাকার মাছ বিক্রি করেছি। এখন ডিজেলের দাম অনেক বেড়েছে। এই দামে ডিজেলসহ বাজারসদাই করে মাছ ধরতে সাগরে ট্রলার পাঠানো অসম্ভব। তাই ট্রলার ঘাটে বেঁধে রেখে জেলেদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখন যে অবস্থা, তাতে ট্রলার বিক্রি করে দেওয়া ছাড়া কোনো উপায় দেখি না।’
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে সাগর থেকে মৎস্য আহরিত হয়েছিল ৬ লাখ ৭১ হাজার ১০৪ টন। ২০২০-২০২১ অর্থবছরে তা বেড়ে আহরিত হয় ৬ লাখ ৮১ হাজার টন, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৫১ শতাংশ বেশি।
ট্রলারমালিকেরা বলছেন, গত আট মাসের ব্যবধানে ডিজেলের দাম প্রতি লিটারে ৪৭ দশমিক ৪৯ টাকা বেড়ে যাওয়ায় সামুদ্রিক মৎস্য আহরণের গতি থেমে গেছে অনেকাংশে।
ইন্ডাস্ট্রিয়াল ট্রলারমালিকেরা জানান, জ্বালানির মূল্যবৃদ্ধি এই শিল্পের মালিকদের ওপর খুবই খারাপ প্রভাব ফেলেছে। এখন প্রতিটি ট্রলার (জাহাজ) সাগরে যেতে তাঁদের ৫০ লাখ টাকার বেশি ব্যয় করতে হচ্ছে। এ ছাড়া অন্যান্য পরিবহন খাত তাদের ভাড়া বাড়িয়ে নতুন জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য করেছে। কিন্তু ট্রলারমালিকদের কাছে এমন কোনো বিকল্প নেই যে তাঁরা মাছের দাম অত্যধিক বাড়িয়ে তাতে সমন্বয় করবেন। কারণ, দেশে মাছের বড় ভোক্তা হচ্ছে মধ্যম ও নিম্ন আয়ের মানুষ।
বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন (বিএমএফএ) সূত্র জানায়, দেশে ২১৫টি ইন্ডাস্ট্রিয়াল ট্রলার রয়েছে। এগুলোর মধ্যে বর্তমানে প্রায় ১৮০টি সাগরে মাছ ধরে। এসব ট্রলারের ধারণক্ষমতা ১৫০ থেকে ৩৫০ টন। এসব ট্রলারকে মাছ ধরার জন্য ২২ থেকে ২৫ দিন একনাগাড়ে সাগরে অবস্থান করে মাছ শিকার করতে হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর প্রতি ট্রিপে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা জ্বালানি ব্যয় বেড়েছে।
চট্টগ্রামের মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জানে আলম বলেন, জ্বালানি মূল্যবৃদ্ধির চাপ যেমন রয়েছে, তেমনি জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে এসব ট্রলার ও জাহাজে কর্মরত জেলে-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি রয়েছে।
মৎস্যজীবীরা বলেন, ‘১২ মাস আমরা মাছ শিকার করতাম। এখন ইলিশ প্রজনন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ছয় মাস মাছ শিকার করা যায় না। বছরে ছয় মাস সাগরে মাছ ধরা বলতে গেলে নানা কারণে বন্ধ রাখতে হয়। অথচ ব্যাংকঋণের সুদ দিতে হয় পুরো বছরের দিন গুনে গুনে।’
মাঝারি ও ছোট মানের ট্রলার মালিক ও জেলেরা বলেছেন, ডিজেলের মূল্যবৃদ্ধিতে ছোট আকারের একটি ট্রলারে এখন শুধু ডিজেল বাবদ অতিরিক্ত ব্যয় হবে ৪০ হাজার ৮০০ টাকা। আর মাঝারি আকারের ট্রলারে এ ব্যয় বেড়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এখন যে অবস্থা, তাতে আমাদের টিকে থাকাই দায় হয়ে পড়েছে। সরকার সমুদ্র অর্থনীতির ওপর গুরুত্ব দেওয়ার কথা বললেও জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ায় সেই সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। এ সম্ভাবনাকে উজ্জ্বল করতে হলে এখন এ খাতে সহজশর্তে কম সুদে ঋণ, জ্বালানিতে ভর্তুকি এবং সরকারি প্রণোদনা দেওয়া উচিত। না হয় তাঁদের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে।’
ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক মৎস্য গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটি বাংলাদেশের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকার ৫০ লাখের বেশি মানুষের আয়ের প্রধান উৎস সামুদ্রিক মৎস্যসম্পদ। সমুদ্রে মাছ ধরার সঙ্গে জড়িত ২০০টির বেশি ইন্ডাস্ট্রিয়াল ট্রলার এবং ৬৭ হাজারের বেশি দেশীয় ইঞ্জিনচালিত নৌকা এ খাতে প্রায় ১৫ দশমিক ৫ ভাগ জোগান দেয়। প্রতিষ্ঠানটির গবেষকেরা বলছেন, মৎস্যজীবীরা এখনো প্রচলিত পদ্ধতি ব্যবহার করে বঙ্গোপসাগরের মৎস্যসম্পদের প্রায় ৮৩ শতাংশ আহরণ করেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের চেয়ারম্যান গবেষক মীর মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের সমুদ্রকেন্দ্রিক অর্থনীতির সম্ভাবনাকে বিকশিত করার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হবে। এ জন্য সরকারের উচিত মৎস্য খাতে ব্যাংকঋণের সুবিধাকে অবারিত করা, সহজ করা এবং ঋণের কিস্তি যখন মাছ আহরণ করবে, তখন আদায় করা। একই সঙ্গে এ খাতে জ্বালানিতে ভর্তুকির ব্যবস্থা করা। পাশাপাশি জেলেদের বিমা ও মজুরি কাঠামো সরকারের নির্ধারণ করে দেওয়া।’