চট্টগ্রামের লালখানবাজার শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সারি। আজ সকাল ৯টা ১০ মিনিটে
চট্টগ্রামের লালখানবাজার শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সারি। আজ সকাল ৯টা ১০ মিনিটে

চট্টগ্রামের ১৬ আসনে সাড়ে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ২৬ শতাংশ

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে আজ বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত সাড়ে ৫ ঘণ্টায় ২৬ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে।

বেলা দেড়টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিয়ন্ত্রণকক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন আসনে কত শতাংশ ভোট পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে, চট্টগ্রামের ১৬টি আসনে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় গড়ে ভোট পড়েছে ১১ দশমিক ০৬ শতাংশ। সেই হিসাবে পরবর্তী আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১৫ শতাংশের বেশি।

নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান বলেন, সব আসন থেকে তথ্য নিয়ে বিভাগীয় পর্যায়ে তালিকা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে সাড়ে ৫ ঘণ্টায় ২৬ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া বিভাগের ৫৮ আসনে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ।

চট্টগ্রাম বিভাগের জেলার মধ্যে কক্সবাজারে ৩৭ দশমিক ৭৫ শতাংশ, ফেনীতে ৩৩ দশমিক ১৭, লক্ষ্মীপুর ৩৭ শতাংশ ও নোয়াখালীতে ৩২ দশমিক ০৮ শতাংশ ভোট পড়েছে। বিভাগের সবচেয়ে বেশি ভোট পড়েছে পার্বত্য খাগড়াছড়ি আসনে—৪০ শতাংশ। এ ছাড়া বান্দরবানে ২৯ ও রাঙামাটিতে ৩০ শতাংশ ভোট পড়েছে।