নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

নরসিংদীতে রেললাইন ধরে হাঁটার সময় অজ্ঞাতপরিচয় এক তরুণ আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে মারা গেছেন। আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে শহরের বটতলা বাজারের রেলক্রসিং–সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ওই তরুণের বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরনে ছিল গাঢ় নীল রঙের ট্রাউজার ও কালো-কমলা রঙের শার্ট। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল পৌনে নয়টার দিকে ওই তরুণ বটতলার রেলক্রসিং–সংলগ্ন রেললাইন ধরে অসতর্ক অবস্থায় হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি রেলক্রসিং এলাকা অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ওই তরুণের মাথার কিছু অংশ ও ডান পা কাটা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি এই খবর নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানান। পরে উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। খবর পেয়ে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ফাঁড়িতে এসে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।