৯ মাস শ্রমিকের কাজ, তিন মাস পিঠা বানিয়ে জীবন চলে শফিকুলের

শীতের তিন মাস খুলনা নগরের ক্লে রোড এলাকায় পিঠা বিক্রি করেন শফিকুল ইসলাম
ছবি: প্রথম আলো

ভ্যানের ওপর জ্বলছে কেরোসিনের চুলা। বাতাস আটকানোর জন্য চুলাটা আবার ক্যানের টিন দিয়ে ঘিরে রাখা। চুলার ওপর হাঁড়িতে পানি গরম হচ্ছে। হাঁড়ির ফুটো করা ঢাকনার মধ্যে কাপড়ে মুড়িয়ে একটির পর একটি পিঠা তৈরি হচ্ছে। গুড় আর কোরানো নারকেল দেওয়া ভাপা পিঠা রাখা হচ্ছে ভ্যানের ওপর কাচ দিয়ে ঘেরা অংশে। ভ্যানের একটি জায়গায় রাখা হয়েছে সেদ্ধ ডিম। ক্রেতাদের জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে খাওয়ার পানির বোতল।

এই ভ্রাম্যমাণ ভাপা পিঠার দোকানির নাম শফিকুল ইসলাম (৪২)। খুলনা নগরের ক্লে রোড এলাকায় পিঠা বিক্রি করেন তিনি। জানালেন, শীত মৌসুমের তিন মাস এই ব্যবসা করেন তিনি। বছরের বাকি সময় কাটে নগরের বড়বাজার এলাকায় ঘাটশ্রমিকের কাজে।

আলাপের সঙ্গে সমানতালে পিঠা বানিয়ে সাজিয়ে রাখছিলেন শফিকুল। কথায় কথায় জানা গেল, শফিকুলের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া গ্রামে। খুব ছোটবেলায় বাবার হাত ধরে খুলনা শহরে এসেছিলেন। সেই বয়সেই সংসারের চাকা সচল রাখতে উপার্জনের রাস্তায় নামতে হয়েছে। কোনো দিন তাই স্কুলে যাওয়া হয়ে ওঠেনি তাঁর।

শফিকুল বলেন, ‘হাফপ্যান্ট পরার বয়সে খুলনায় আসি। গ্রামে কাজ ছিল না। সংসার চলত না। বাবা আমাদের পাঁচ ভাই-বোনকে নিয়ে খুলনায় আসেন। বাবা ঘাটশ্রমিকের কাজ নেন। আর আমরা বড় তিন ভাই বাদাম বেচতে নামি। ছোটবেলা থেকেই সংসারের কাজ করতে হয়েছে। জীবনে বহুত কষ্ট করা লেগেছে।’ বললেন, বাদাম বিক্রি করতে করতে একসময় চায়ের দোকানে কাজ নেন তিনি। এরপর কিছুদিন চালিয়েছেন রিকশা। আরও কিছু পরে বাবার সঙ্গে কালীবাড়ি রোডে পাঁপড় আর ডিম ভাজা বিক্রি করতেন। একটা সময় বাবার মূল পেশা বড়বাজারের ঘাটশ্রমিকের কাজকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন।

শফিকুল বলতে থাকেন, একসময় বড়বাজারের জৌলুশ ছিল। শফিকুলদের রোজগারও ভালো ছিল। এ বাজার থেকে পণ্য কিনতে প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী ভিড় করতেন। নদীর ঘাটে লেগে থাকত ট্রলারের সারি। কোটি কোটি টাকা দাদন খাটত। এখন সেই দিন আর নেই। খুলনার আশপাশের জেলায়ও ভালো ভালো মোকাম গড়ে উঠেছে। ফলে জৌলুশ হারিয়েছে এ বাজার। এখন বড়বাজারের শ্রমিকদের খুবই দুর্দিন।
বড়বাজারের আগের অবস্থার সঙ্গে বর্তমানের তুলনা টেনে শফিকুল বললেন, শ্রমিক হিসেবে দল বেঁধে কোনো কাজ করে যা পাওয়া যায়, তা সব সদস্যের মধ্যে সমান ভাগ হয়। আগে দিনে ভাগে ৫০০-৬০০ টাকা পড়ত। টাকার দামও ছিল। শ্রমিক হিসেবে কাজ করে এখন আয়রোজগার নেই। দিনে খুব বেশি হলে ৩০০-৩৫০ টাকা হয়। আবার ৭০-৮০ কেজির বস্তা একা টানতে খুবই কষ্ট হয়ে যায়। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত শ্রমিকের কাজ করতে রাস্তাতেই রোজগারের অর্ধেক টাকা খরচ হয়ে যায়। আর এখন টাকার দামও নেই!

৯-১০ বছর ধরে শীতের তিন মাস পিঠা বিক্রি করছেন শফিকুল। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত পিঠা বিক্রি করেন। খাওয়াদাওয়া সব সারেন রাস্তায়। আয় যা হয়, তা খারাপ বলা যায় না। শফিকুলের স্ত্রী পিঠার জন্য প্রয়োজনীয় চাল গুঁড়া করে রাখেন। হাঁড়ির ওপর থেকে পিঠা  নামাতে নামাতে শফিকুল বলেন, ‘কোনো এক দিন যে রেস্ট নেব, তার উপায় নেই। এক দিন না বের হলে পরের দিন হাঁড়ি জ্বালাতে ভীষণ সমস্যায় পড়ে যেতে হবে। বছরের সব দিন আমাগো কাছে সমান। বর্ষা, বাদল, রোদ, শীত সব আমাগো মাথার ওপর দিয়েই যায়।’

পরিবার-স্বজন নিয়ে কথা বলতে গিয়ে শফিকুল বলেন, ঘূর্ণিঝড় সিডরের দিন শফিকুলরা খুলনায় থাকলেও তাঁর বাবা শরণখোলার বগি এলাকায় ছিলেন। সিডরের কবলে পড়ে প্রাণ দিতে হয়েছে তাঁর বাবাকে। ভাইয়েরা সবাই নিজের মতো সংসার পেতেছেন। নিজের একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। মা ও স্ত্রীকে নিয়ে থাকেন ভৈরব নদের অন্য পাড় রূপসার রাজাপুরে। সেখানে এক কক্ষের ঘরভাড়া ১ হাজার ৮০০ টাকা। আবার রাতে ভ্যানটা এপারে কালীবাড়ি ঘাটে রেখে যেতে হয়। তা দেখভালের জন্য প্রতিদিন গুনতে হয় ২০ টাকা করে।

শফিকুল যখন পিঠা বিক্রি শুরু করেন, তখন দাম রাখতেন ২ টাকা করে। সেই দাম এখন ঠেকেছে ১০ টাকায়। তাতেও খুব বেশি লাভ থাকছে না জানিয়ে শফিকুল বলেন, খেজুর গুড় একটু ভালোটা এখন ১৫০ টাকা, আগে ভালো গুড় ছিল শুধু ৭৫ টাকা। স্টোভ জ্বালানোর জন্য কেরোসিন ১১০ টাকা লিটার। ১০০ টাকার নিচে নারকেলের কোনো পিস নেই। আগের ২০-২৫ টাকার চাল এখন ৬৫ টাকার নিচে পাওয়া যায় না।