
মেয়ের লাশের পাশে ইতালিপ্রবাসী বাবা কহিনুর মিয়া ‘ওই মা, ওই মা’ বলে বুক চাপড়াচ্ছিলেন আর আহাজারি করছিলেন। একবার মেয়ের লাশ দেখছেন, আবার সমবয়সী অন্য মেয়েকে কোলে নিয়ে কান্না করছিলেন। নৌকাডুবিতে মারা যাওয়া আট বছর বয়সী স্নেহা আক্তারদের বাড়িতে গিয়ে আজ শুক্রবার সকাল পৌনে আটটায় এমন পরিস্থিতি দেখা যায়। স্নেহাদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মুন্দিরাপাড়া গ্রামে।
কহিনুর মিয়া বলেন, ১৪ বছর ধরে তিনি ইতালি থাকেন। আড়াই বছর আগে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে ইতালিতে নিয়ে যান। সেখানেই সন্তানেরা লেখাপড়া করছে। দুই মাস আগে তিনি সপরিবার দেশে বেড়াতে আসেন। আগামী রোববার সকাল সাড়ে ছয়টায় তাঁদের ইতালিতে ফিরে যাওয়ার ফ্লাইট ছিল। এরই মধ্যে মেয়েটি চলে গেল।
কহিনুর মিয়ার বড় ছেলে রাফি বলেন, ইতালিতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েন তিনি। ছোট ভাই অভি নবম শ্রেণিতে পড়ে। আর বোন স্নেহা আক্তার চতুর্থ শ্রেণিতে পড়ত।
স্নেহার সমবয়সী নূর-এ জান্নাত লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছিল। সে বলে, ‘ছোট থাকতেই ও আমাগো সাথে চলত। ও খুবই ভালো ছিল। ও মরে গেল কেন?’
গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের মুন্দিরাপাড়া গ্রামের টুটুল চৌধুরীর সঙ্গে তরফপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃত তিনজন হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের রিপন চৌধুরী (৪০), তাঁর চাচাতো ভাই কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার (৮) ও উপজেলা সদরের ইউনিয়নপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)।
আজ সকালে নিহত রিপন চৌধুরীর বাড়িতে গিয়ে দেখা যায় শত শত মানুষের ভিড়। দলে দলে আশপাশের গ্রামের মানুষ আসছেন। অনেকেই আফসোস করছেন। রিপনের লাশ বাড়ির উঠানে রাখা। আত্মীয়দের অনেকেই লাশের পাশে মাটিতে গড়াগড়ি করে কান্না করছেন। আজ নির্ধারিত বউভাতের অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য সাজানো প্যান্ডেলটি ঠিকই আছে। কিন্তু সেখানকার সব চেয়ার-টেবিল এলোমেলো। বর-কনের জন্য তৈরি করা মঞ্চটির দিকে কারও নজর নেই।
রিপনের ছোট ভাই বিয়ের বর টুটুল চৌধুরী বলেন, রিপন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। বিয়ে উপলক্ষে এক সপ্তাহ আগে দেশে আসেন। রিপনের সংসারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। টুটুল আরও বলেন, তাঁর আরেক ভাই খোকন সিঙ্গাপুর থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বাড়িতে পৌঁছালে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
এদিকে উপজেলা সদরের ইউনিয়নপাড়া এলাকায় সেলিম মিয়ার বাসায় গিয়ে জানা যায়, গতকাল রাতেই তাঁর ছেলে আসিফ মিয়ার লাশ দাফন করা হয়েছে। আসিফের এ বছর মির্জাপুরের ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
আসিফের চাচাতো বোন হাসি আক্তার বলেন, আসিফ সবার কাছে খুবই আদরের ছিল। শোকে পরিবারের কেউই গত রাতে খায়নি। আজ সকালে প্রতিবেশীরা রান্না করে তাঁদের বাসায় নিয়ে এসেছেন।