রামপালে ‘গায়েবি’ মামলায় বিএনপি-জামায়াতের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাগেরহাট জেলার মানচিত্র
বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের রামপালে বিএনপি-জামায়াতের ৩০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে নাশকতার মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫ থেকে ২০ জনকে। এজাহারে ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল করতে নাশকতার উদ্দেশ্যে ককটেল, লোহার রড, হাঁসুয়া ও লাঠি নিয়ে গোপন বৈঠক করে সরকার উৎখাত, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সরকারি স্থাপনা ধ্বংসের ষড়যন্ত্রের কথা বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার করা মামলায় ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে রামপাল উপজেলার গোবিন্দপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এজাহারে গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে আসামিরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে উল্লেখ করে সেখান থেকে চারটি অবিস্ফোরিত ককটেলসহ আটজনকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়েছে। রামপাল থানায় মামলাটি করেছেন ফয়লা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) খন্দকার আবদুল মবিন।

ঘটনাস্থল গোবিন্দপুর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে বসবাসকারী দুই ব্যক্তির সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর এই প্রতিবেদকের। গতকাল রাত ১০টার আগে থেকেই তাঁরা তাঁদের বাড়িতে ছিলেন। ওই দুজন ও তাঁদের পরিবারের কেউই গত রাতে কোনো ধরনের বিস্ফোরণের শব্দ শোনেননি বলে নিশ্চিত করেছেন।

এদিকে ওই মামলায় গ্রেপ্তার গৌরম্ভা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবদুল হালিমকে এজাহারে উল্লেখিত সময়ের অন্তত আট ঘণ্টা আগে গতকাল দুপুরে রামপাল উপজেলার প্রসাদনগর বাজার থেকে পুলিশ ধরে নিয়ে যায় বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন। যদিও পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকে আটকের কথা এজাহারে উল্লেখ করেছে।

আবদুল হালিমের ছেলে মো. মহিবুল্লাহ আল সাকিব বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। গতকাল বেলা দেড়টার দিকে তাঁকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে ককটেল ফাটানোর মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায়।

এদিকে গতকাল ও আজ বাগেরহাটের বিভিন্ন থানা-পুলিশ বিএনপি-জামায়াতের অন্তত ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তাঁদের অধিকাংশকে আগের করা বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম বলেন, ঢাকার মহাসমাবেশ কেন্দ্র করে কয়েক দিন ধরে জেলাজুড়ে পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। গতকাল ও আজ রামপাল উপজেলা বিএনপির সদস্যসচিব মুজিবর রহমান, গৌরম্ভা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হেমায়েত শেখ, বাইনতলা ইউনিয়নের সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবিরসহ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ‘গায়েবি’ মামলা দিয়েছে। নেতা-কর্মীদের কাউকে ফয়লা, কাউকে গৌরম্ভা, আবার কাউকে হুড়কা থেকে ধরে নিয়ে মামলার অভিযোগে লিখেছে, তাঁরা নাকি একসঙ্গে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন। এ ধরনের বানোয়াট মামলায় এখন আর নেতা-কর্মীরা ভয় পান না।

বিএনপির অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম। তিনি বলেন, নাশকতা সৃষ্টিকারী কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আটজনকে গ্রেপ্তারও করা হয়েছে। জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।