পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

লাকসামে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

​কুমিল্লার লাকসামে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাওতলী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম ইব্রাহীম (৬)। সে লাকসামের আজগরা ইউনিয়নের পাওতলী গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঘর থেকে বের হয়ে বাড়ির আঙিনায় খেলতে যায় ইব্রাহীম। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা দেড়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনেরা। উদ্ধার করে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিয়া বিনতে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।