
বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের জন্য জীবিত বীর মুক্তিযোদ্ধাদের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ সোমবার শরীয়তপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা কীভাবে যুদ্ধ করলেন, তাঁদের কাহিনি রেকর্ড করা হবে। কিয়ামত পর্যন্ত যাতে সেগুলো সংরক্ষণ করতে পারি, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। যেসব গৌরবোজ্জ্বল যুদ্ধের গল্প, সম্মুখযুদ্ধের গল্প, সেসব যুদ্ধ নিয়ে, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা সিনেমা বানাব, নাটক বানাব। যত জায়গায় বধ্যভূমি আছে, সেগুলো আমরা সংরক্ষণ করব। যুদ্ধের যত ঐতিহাসিক জায়গা আছে, সেগুলোও সংরক্ষণ করা হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনগুলোতে ক্যাপসুল লিফট লাগানো হবে, যাতে বয়স্ক ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধারা ভবনের বিভিন্ন তলায় উঠতে পারেন। বীর মুক্তিযোদ্ধাদের কবরগুলো এক রকম ডিজাইনে পাকা করা হবে, যাতে ১০০ বছর পরও মানুষ দেখলে বুঝতে পারে, এটি বীর মুক্তিযোদ্ধার কবর।’
দুপুরে শরীয়তপুর সদর উপজেলা ও জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শরীয়তপুর-১ (সদর ও জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ একাংশ) আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পুলিশ সুপার সাইফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপির মির্জা ফখরুল সাহেব কয়েক দিন আগে বলেছিলেন, পাকিস্তান আমলে ভালো ছিলেন। কিন্তু না, পাকিস্তান আমলে এ অঞ্চলে অনেক মানুষ না খেয়ে মারা গেছেন। আমরা বর্ষাকালে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতাম না। আর আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সব দিক দিয়ে উন্নয়ন হয়েছে। দেশের মানুষ এখন স্বস্তিতে আছে, ভালো আছে। এলাকায় এখন ভিক্ষুকও খুঁজে পাওয়া যায় না।’
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশে আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিইনি। আমাদের চেতনাও জমা দিইনি আমরা। যাঁরা বলেন, পাকিস্তান ভালো ছিল, তাঁদের দাঁতভাঙা জবাব দিতে হবে, বিষদাঁত উপড়ে ফেলতে হবে।’ বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘১৯৭১ সালে যেভাবে মাঠে নেমেছিলেন, সেভাবে মাঠে নামতে হবে। এবার অস্ত্র দিয়ে নয়, ব্যালটের মাধ্যমে যুদ্ধ করতে হবে। আপনাদের সন্তানেরা কোথায় রাজনীতি করে, জয় বাংলা বলে স্লোগান দেয়, নাকি অন্য কিছু বলে, তা খেয়াল রাখতে হবে।’