গ্রেপ্তার মোজাম্মেল হোসেন
গ্রেপ্তার মোজাম্মেল হোসেন

টিকটক ভিডিও বানাতে শিশুকে উত্ত্যক্ত, এক তরুণ গ্রেপ্তার

কাঁধে স্কুলব্যাগ, পরনে ইউনিফর্ম। বিদ্যালয় থেকে একা ফিরছিল ছয় বছরের এক মেয়েশিশু। এ সময় কখনো পথ আগলে, কখনো শিশুটির হাত ধরে টানাটানি করেন দুই তরুণ। আরেক তরুণ করছিলেন এ ঘটনার ভিডিও ধারণ। ফেনীতে টিকটকের জন্য ভিডিও বানাতে এভাবেই একটি শিশুকে উত্ত্যক্ত করার ঘটনায় এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানার পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করে। তাঁর নাম মোজাম্মেল হোসেন (২০)। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মৈশাইল গ্রামের মনির হোসেনের ছেলে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে ফেনী সদরের উত্তর সিলোনিয়া এলাকায় বসবাস করে আসছেন তিনি।

ওই শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ২৮ জুলাই দুপুরে। শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুটিকে উত্ত্যক্ত করার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শিশুটির বাবা গত বৃহস্পতিবার বিকেলে তিন তরুণের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ জানায়, মামলার পর রাতেই মোজাম্মেল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। মামলার অপর দুই আসামি হলেন— ফেনী সদর উপজেলার পশ্চিম সিলোনিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ সালমান (২০) ও সাত্রাসিদ্ধি গ্রামের মনির আহাম্মদের ছেলে মোহাম্মদ মাহফুজ (১৯)।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামিকে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে।