অভিযানের পর দুই ঘণ্টার মধ্যে উচ্ছেদের জায়গায় ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ কার্যালয় করার জন্য পৃথক ব্যানার টানানো হয়েছে।
রাজশাহীর মোহনপুর উপজেলায় গত সোমবার রাজশাহী-নওগাঁ মহাসড়কের কামারপাড়া বাজারে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেয়। অভিযানের পর দুই ঘণ্টার মধ্যেই ওই জমিতে রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ কার্যালয় নির্মাণের জন্য পৃথক ব্যানার টানানো হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালান জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। সওজের অভিযান সূত্রে জানা গেছে, কামারপাড়া বাজারে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে অবৈধ দোকান থাকায় তীব্র যানজটের সৃষ্টি হতো। সেখানে দুর্ঘটনাও ঘটেছে একাধিকবার। এ জন্য অভিযান চালিয়ে অর্ধশত টিনের ও আধা পাকা দোকানপাট উচ্ছেদ করেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয় ব্যক্তিরা বলেন, অভিযান শেষে ঘটনাস্থল ছেড়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে সেখানে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা হাজির হন। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের পূর্ব পাশে ‘রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের প্রধান কার্যালয়’ লেখা–সংবলিত ব্যানার ঝুলিয়ে দেন তাঁরা। এর পাশেই আরেকটি ব্যানারে লেখা আছে ‘৩ নম্বর রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রধান কার্যালয়’।
এ ব্যাপারে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান বলেন, ইউনিয়নে ছাত্রলীগের দুটি কমিটি চলমান। একটির তিনি সভাপতি। তাঁর কমিটির কেউ এই কাজ করেননি। অন্য পক্ষ করতে পারে। ছাত্রলীগের অন্য একটি কমিটির সভাপতি রানা হোসেনকে একাধিকবার ফোন করা হলে করা হলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আ. রাজ্জাক বলেন, সেখানে তাঁর ছবি দিয়ে ব্যানার টানানোর কথা শুনেছেন। তাঁকে জানিয়ে এটা করা হয়নি।
যুবলীগের ব্যানারের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ বলেন, ব্যানারের বিষয়ে তিনি জানেন না।
সড়ক ও জনপথ উপবিভাগ-২ রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী শাহ্ মো. আসিফ বলেন, তাঁরা উচ্ছেদ করে এসে শোনেন, সেখানে দুটি ব্যানার টানিয়ে জায়গা দখলের চেষ্টা করা হয়েছে। এটা সরকারি জায়গা, এখানে কারও এ ধরনের কর্মকাণ্ডের এখতিয়ার নেই।