
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী নাঈমুল ইসলাম ওরফে রিয়াদ হত্যা মামলার বিচারকাজ আট বছর পর আবার সচল হয়েছে। বাদীপক্ষের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে মামলাটি যশোর আদালত থেকে ঢাকার অতিরিক্ত দায়রা আদালতে (প্রথম) স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন।
মামলার বাদী ও আইনজীবী সূত্রে জানা গেছে, নাঈমুল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৪ সালের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে কুপিয়ে নাঈমুলকে হত্যা করেন বলে অভিযোগ। পরদিন নাঈমুলের মামা রফিকুল ইসলাম বাদী হয়ে বর্তমানে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যশোর জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ২০১৫ সালে আনোয়ার হোসেনের নাম বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম হাসানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
ওই অভিযোগপত্রে নারাজি আবেদন দাখিল করতে মামলার বাদী রফিকুল ইসলাম যশোর আদালতে গেলে আসামিপক্ষের লোকজন এজলাস থেকেই তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের হস্তক্ষেপে ঢাকায় নিজের বাড়িতে ফিরে যান তিনি। এরপর ভয়ে তিনি আর যশোর আদালতে আসতে পারেননি।
মামলার বাদী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নাঈমুল আমার ভাগনে। তাঁকে হত্যা করার আগে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুঠোফোনে হুমকি দেন। সেই হুমকির অডিও রেকর্ড পুলিশকে দেওয়া হয়। তারপরও পুলিশ আনোয়ারের নাম বাদ দিয়ে অভিযোগপত্র দেয়। সেটার নারাজি দাখিল করতে গেলে আনোয়ারের ভাই পলাশ ও আসামিপক্ষের ৩০-৪০ জন আদালতের এজলাসে আমার হাত ধরে টানাটানি করে। পরে পুলিশের সহায়তায় প্রাণে রক্ষা পাই। এর পর থেকে আমি নিরাপত্তাহীনতার কারণে আর যশোরে গিয়ে মামলার খোঁজখবর নিতে পারিনি। নিরাপত্তার কারণে মামলাটি যশোর থেকে ঢাকায় স্থানান্তরের আবেদন করা হলে বিচারক স্থানান্তরের আদেশ দিয়েছেন।’
ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে মামলাটি স্থানান্তরের পিটিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী আল ফয়সাল সিদ্দিকী। এ বিষয়ে তিনি বলেন, ‘মামলার আসামিরা যশোরে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা-কর্মী। ঢাকা থেকে যশোরে গিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা পরিচালনা করা বাদীর পক্ষে কঠিন। ইতিমধ্যে তিনি যশোর আদালতে গিয়ে হামলার শিকার হয়েছেন। এ কারণে মামলাটি ঢাকায় বদলির আবেদন জানান বাদী।’
নাঈমুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২০১৪ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক এস এম শামীম হাসানসহ চার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ড বোর্ডের জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
নিহত নাঈমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান হলের ৪১৭ কক্ষে থাকতেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির নেতা-কর্মীরা দুই পক্ষে বিভক্ত হয়ে যান। নাঈমুল সেই বিভক্তির রাজনীতির শিকার হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম নিহত হন।
নাঈমুল ইসলাম খুলনার লবণচরা এলাকার কাজী মনিরুল ইসলামের ছেলে। তাঁরা ঢাকায় থাকেন। ছেলেকে হারানোর শোক বুকে নিয়ে মনিরুল ইসলাম চলতি বছর মারা যান। নিহত নাঈমুলের মা নুরুন্নাহার বড় ছেলেকে হারিয়ে এখন ভাই রফিকুলের ঢাকার বাড়িতেই থাকেন। নাঈমুলের ছোট ভাই কাজী নাজমুল ইসলাম এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন।