ঝালকাঠিতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো মো. আমানুল্লাহ (১২) ও তার ভাই মো. আবদুল্লাহ (১০)। তারা ধানসিঁড়ি ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামের দিনমজুর সুমন হোসেনের ছেলে। শিশু দুটি স্থানীয় মোহাম্মদিয়া এতিমখানার প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। দীর্ঘ সময় ধরে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করেন। পরে নদীতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া। এ সময় চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম বেলা তিনটার দিকে বলেন, দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের প্রস্তুতি চলছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের অভিযোগ না থাকায় পানিতে ডুবে মৃত দুই ভাইয়ের লাশ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।