বগুড়ায় নতুন করে বিএনপির ৫২ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

বগুড়া জেলার মানচিত্র
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ায় নতুন করে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫২ নেতা-কর্মীকে আসামি করেন মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে বগুড়া সদর থানার উপপরিদর্শক ওসমান গনি বাদী হয়ে মামলাটি করেছেন। ৯ ডিসেম্বর তারিখ দিয়ে গতকাল দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মামলাটি রেকর্ড দেখানো হয়।

এতে ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমানসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৫২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

এই মামলার ২১ নম্বর আসামি করা হয়েছে বগুড়া শহর ছাত্রদলের সহসভাপতি আল রাজীবকে। রাজীব গত ২১ নভেম্বর থেকে কারাগারে আছেন। অথচ মামলা করা হয়েছে গতকালের ঘটনার ভিত্তিতে।

মামলায় কারাগারে থাকা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকেও আসামি করা হয়েছে।

বিএনপি নেতারা বলেন, ৩ ডিসেম্বরের রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগে বগুড়া সদর থানা-পুলিশের দায়ের করা অন্য একটি ‘গায়েবি’ মামলায় আল রাজীবকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে বগুড়া কারাগারে রাজীব। অথচ কারাগারে থাকা তাঁকেও গতকাল ককটেল হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করতে দেখেছে পুলিশ। এতেই পরিষ্কার হয়, এই মামলাও ‘গায়েবি’।

মামলার ৩৩ নম্বর আসামি করা হয়েছে শহরের নিশিন্দিরা এলাকার এনামুল হকের ছেলে আবদুর রহিমকে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহিম নাশকতার অন্য একটি মামলায় ১ ডিসেম্বর থেকে বগুড়া কারাগারে।

বগুড়া সদর থানায় দায়ের হওয়া এই মামলায় ৩টি তাজা ককটেল, ১৫টি লাঠি, ১০টি রড ও ৪৬টি ইটের টুকরা জব্দ দেখানো হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে আসামিরা নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে আসামিরা পুলিশের ওপর ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করেন। এ সময় অন্যান্য পুলিশ তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করলে তাঁরা পুলিশের সঙ্গে মারমুখী আচরণ এবং সরকারি কাজে বাধা প্রদান করেন। একপর্যায়ে তাঁদের আটকের চেষ্টা করলে তাঁরা ককটেল হামলা করে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া ককটেলসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, ‘৩ ডিসেম্বরের রাজশাহীর গণসমাবেশকে কেন্দ্র করে বগুড়ার ১২টি থানায় ককটেল হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১২টি গায়েবি মামলা হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব মামলার বাদী। মামলায় বিএনপির ৫২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭০০ জনকে। এখন ঢাকার গণসমাবেশে যোগদান করতে অধিকাংশ নেতা-কর্মী ঢাকায় অবস্থান করছেন। অথচ পুলিশ নতুন করে আরও একটি গায়েবি মামলা করেছে। সেখানে নাশকতার মামলায় কারাগারে থাকা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকেও ককটেল হামলা করতে দেখেছে বলে পুলিশ উল্লেখ করেছে।’

এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, কারাগারে থাকা কোনো ব্যক্তিকে নাশকতার মামলায় আসামি করার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।