নান্দাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

নান্দাইলে সরকারের দেওয়া বিনা মূল্যের বই বিক্রি করার সময় জনতার হাতে জব্দ হওয়া ট্রাকবোঝাই বই। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার চরবেতাগৈর ইউপি চত্বরে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আনোয়ার হোসেন খান চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন বইগুলো জব্দ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বইবোঝাই একটি পিকআপ বিদ্যালয় থেকে বের হওয়ার সময় এলাকাবাসী সেটি আটক করে প্রশাসনকে খবর দেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিদ্যালয়টি উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে অবস্থিত।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চরবেতাগৈর ইউনিয়ন পরিষদ চত্বরে বইভর্তি পিকআপটি আটকে রাখা হয়েছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সেটি পাহারা দিচ্ছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পিকআপটি বিদ্যালয় থেকে বের হওয়ার পর আনসার বাহিনীর সদস্য কাজীম উদ্দিনের নজরে পড়ে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয় ছুটি ছিল। ছুটির দিনে বিদ্যালয় থেকে বইভর্তি ট্রাক বের হওয়ার বিষয়টি জানাজানি হলে চরশ্রীরামপুর গ্রামের শতাধিক মানুষ বিদ্যালয়ের সামনের সড়কে জড়ো হন। তাঁরা প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে সরকারি বই বিক্রি করার অভিযোগে বিক্ষোভ করেন।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা থেকে ঘটনাস্থলে যান উপপরিদর্শক মো. সুজন মিয়া। তিনি বলেন, বই বিক্রির ঘটনাকে কেন্দ্র এখানে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ ঘটনাস্থলে আসে। তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল বইগুলো ইউপি চেয়ারম্যান মো. ফরিদ হোসেনের জিম্মায় দিয়ে গেছেন।

ইউপি চেয়ারম্যান ফরিদ হাসেন বলেন, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের প্রতিনিধি এসে বইগুলো নিয়ে যাবে বলে কথা রয়েছে। কী কী বই ট্রাকে রয়েছে, তার একটি তালিকা করা হচ্ছে। ট্রাক থেকে বই নামানোর সময় ২০২৩ সালের নবম ও দশম শ্রেণির বিজ্ঞান বিষয়ের বই দেখতে পাওয়া যায়। বিক্রির তালিকায় বিভিন্ন শ্রেণির আরও বই রয়েছে। ২০২০ ও ২০২২ শিক্ষাবর্ষের সরকারি বই ফেরত না পাঠিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে।

বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কক্ষে বসে রয়েছেন প্রধান শিক্ষক হারুন অর রশিদ। ছুটির দিনে বিদ্যালয়ে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, এসএসসির নির্বাচনী পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়নের কাজে তিনি এসেছেন। তবে বিদ্যালয়ে নাজিম উদ্দিন নামের একজন সহকারী শিক্ষক ছাড়া অন্য কোনো শিক্ষক ছিলেন না। আরেক প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক দাবি করেন, ১৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় পুরোনো বই বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে পরিচালনা কমিটির সভাপতি ইয়াসের খান চৌধুরী বলেন, বই বিক্রির কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারি বই তিনি (প্রধান শিক্ষক) বিক্রি করার কে।
পরিচলনা কমিটির অভিভাবক সদস্য আল আমীন মণ্ডল বলেন, বই বিক্রির সিদ্ধান্ত তো দূরের কথা, এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলাম মুঠোফোনে জানান, বিদ্যালয়ে সরকারি বই উদ্বৃত্ত থাকলে তা ফেরত দেওয়ার নিয়ম রয়েছে। প্রধান শিক্ষক কোনোমতেই সরকারি বই বিক্রি করতে পারেন না। বই সংরক্ষণে সরকারি গুদাম রয়েছে। সরকারি বই বিক্রির অভিযোগে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুন অর রশিদকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। নোটিশের উত্তর পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।