সংসদ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে কাঁদলেন আওয়ামী লীগ নেতা

রাজশাহীতে মানববন্ধন করে সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের সাহেব বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের এক সদস্যের নেতৃত্বে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। কর্মসূচিতে ওই নেতা কাঁদতে কাঁদতে সংসদ সদস্যের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মোহনপুর এলাকার অর্ধশতাধিক ব্যক্তি অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য সুরঞ্জিত কুমার সরকার। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক শেখ হাবিবা, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আজহার আলী প্রমুখ।

সুরঞ্জিত কুমার বলেন, তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন। ২০০১ সালে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগ হয়ে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হন। ২০১৬ সালে তিনি মোহনপুরের রায়ঘাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেন। কিন্তু সংসদ সদস্য আয়েন উদ্দিন বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দেন। ফলে নির্বাচনে তিনি হেরে যান। এর আগে ২০১৫ সালে আয়েন উদ্দিন লোকজন দিয়ে তাঁকে মারধর করেন। এর পর থেকে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন।

সুরঞ্জিত কুমার সরকার আরও বলেন, আয়েন উদ্দিন তাঁকে নানা ধরনের হুমকি-ধমকি দিয়েই চলেছেন। তাঁর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্টাপাল্টা লেখা হচ্ছে। তাঁর বিরুদ্ধে থানা-পুলিশ মামলাও নেয় না। এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে আয়েন উদ্দিনের বিরুদ্ধে নির্যাতনের বিচার চেয়ে রাজশাহী নগরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।

সুরঞ্জিত কুমার একপর্যায়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘আয়েন উদ্দিন আমার জীবন শেষ করে দিয়েছে। আপনারা বিচার করেন। দেশে কি মানবতা নেই? আমি আয়েনের বিচার চাই। আমরা বাঁচতে চাই, আওয়ামী লীগ করতে চাই। আমি পঙ্গু হয়ে যাচ্ছি। আমার চিকিৎসা দরকার।’

উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক শেখ হাবিবা বলেন, নির্বাচন এগিয়ে আসছে। এ সময়ে নিজ দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে। পরিস্থিতির শিকার হয়ে তাঁরা এ কর্মসূচি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেন এই বিষয়টা একটু দেখেন।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আয়েন উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুরঞ্জিত এলাকায় পুকুর দখল নিয়ে মারামারিতে আহত হয়েছিলেন। সে সময়ে তিনি মামলা করেছিলেন। আহত হওয়ার চিকিৎসা খরচও তিনি দিয়েছিলেন। আজ এত বছর পর কার উসকানিতে সুরঞ্জিত এগুলো করছে, এটা সবাই জানে। সামনে নির্বাচনকে ঘিরে অনেক চক্রান্ত করা হচ্ছে। তাঁর বাবাকে রাজাকার বলা হচ্ছে। কিন্তু তাঁরা আওয়ামী লীগ পরিবার, এটা সবাই জানে। তিনি দুঃসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাঁর ভাইও ছাত্রলীগের রাজনীতি করেছেন। এখন নির্বাচনের আগে এগুলো ছড়ানো হচ্ছে।