সাভারে মারধরে আহত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, শতাধিক দোকানপাট ভাংচুর

সাভারের আশুলিয়ায় কয়েক যুবকের মারধরে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আহত এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে বিক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সন্ধ্যায় বিরুলিয়ার আকরান বাজারের শতাধিক দোকান ভাংচুর করেন
ছবি: প্রথম আলো

সাভারের আশুলিয়ায় কয়েক যুবকের মারধরে আহত বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সহপাঠীর মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসের অদূরে বিরুলিয়ার আকরান বাজারে শতাধিক দোকান ভাংচুর করেন।

নিহত শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম ওরফে অন্তর (২২) ময়মনসিংহ জেলার ভাটিপাড়ার জয়নাল আবেদীনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালটির বস্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সাভারের আশুলিয়ায় পূর্বশত্রুতার জেরে কয়েক যুবকের মারধরে নিহত বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম ওরফে অন্তর (২২)

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজন জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অদূরে খাগান বাজারের লেগুনাস্ট্যান্ড থেকে ৮-১০ যুবক হাসিবুল হাসানকে ধরে নিয়ে যান। রাত আটটার দিকে অপহরণকারীরা একটি রিকশায় করে অজ্ঞান অবস্থায় হাসিবুলকে খাগান বাজারে পাঠিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হাসিবুলকে দেখতে পেয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হাসিবুলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম দেখতে পান। আঘাত গুরুতর হওয়ায় তিনি হাসিবুলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর পরিবারের সদস্যরা হাসিবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।

শুক্রবার হাসিবুলের মৃতুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকেল পাঁচটার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিরুলিয়া থেকে সাভারের সড়কে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা বিরুলিয়ার আকরান বাজারের শতাধিক দোকান ভাংচুর করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

\বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ কেন্দ্রের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু প্রথম আলোকে বলেন, সহপাঠীর আকস্মিক মৃত্যুর ঘটনাটি মেনে নিতে পারেননি অন্যান্য শিক্ষার্থী। কিছু সময়ের জন্য তাঁরা এ ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় অপ্রত্যাশিতভাবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি জানান, হাসিবুল হত্যাকাণ্ডের ঘটনায় সাভার থানায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করেছে। আইন প্রয়োগকারী সংস্থাকে ন্যায্য বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা করার লক্ষ্যে একটি তদন্ত কমিটিও করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাঁরা আকরাইন বাজার এলাকায় কিছু দোকানপাট ভাংচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে বললে তাঁরা ক্যাম্পাসে ফিরে যান। তিনি জানান, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাহাত সরকারকে বৃহস্পতিবার গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।