কর্ণফুলীতে জাহাজডুবি

শখ করে নাবিক ছেলের জাহাজে উঠেছিলেন মোতালেব, এখনো খোঁজ মেলেনি

আবদুল মোতালেব
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনের আবদুল মোতালেবের (৬০) দুই ছেলে—মো. রাকিব ও মো. মাঈনুদ্দিন জাহাজের নাবিক। চাকরির সুবাদে দুই ছেলেই চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় থাকেন। ৯ অক্টোবর ছেলের কাছে বেড়াতে আসেন আবদুল মোতালেব। গত মঙ্গলবার রাতে শখ করে ছোট ছেলে রাকিবের সঙ্গে মোতালেব এফবি মাগফেরাত নামের একটি জাহাজে ওঠেন। জাহাজে রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন মোতালেব। এ সময় জাহাজটি ডুবে গেলে নিখোঁজ হন তিনি। আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত মোতালেবের কোনো সন্ধান মেলেনি।

১১ অক্টোবর রাতে কর্ণফুলী উপজেলার ইচ্ছানগরের সি রিসোর্স ঘাটের বয়া এলাকায় কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি জাহাজ ডুবে যায়। এ দুর্ঘটনায় ক্যাপ্টেনসহ সাতজন নিখোঁজ হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান একজন। গতকাল বৃহস্পতিবার দিনভর পাঁচজনের লাশ পাওয়া গেলেও আবদুল মোতালেব ও প্রদীপ চৌধুরীর কোনো সন্ধান মেলেনি। এখন বাবার সন্ধানের ঘটনাস্থলে অপেক্ষার প্রহর গুনছেন মোতালেবের দুই ছেলে রাকিব ও মাঈনুদ্দিন।

১০ মাস আগে এফবি মাগফেরাতে চাকরি শুরু করেন রাকিব। তাঁর বড় ভাই মো. মাঈনুদ্দিন আরেকটি জাহাজ এফবি সিয়ামে চাকরি করেন। ৯ অক্টোবর দুই ছেলের কাছে বেড়াতে আসেন তাঁদের বাবা মোতালেব। ১১ তারিখ বড় ছেলের কাছ থেকে বিদায় নিয়ে মোতালেব ছোট ছেলের জাহাজে ওঠেন।

ঘটনার বর্ণনা দিয়ে রাকিব বলেন, ‘জাহাজে ওঠার পর বাবা রাতের খাবার খান। খাওয়াদাওয়ার পর বাবার চোখে ঘুম চলে এলে আমি আর ডাকিনি। এ সময় হঠাৎ জাহাজের কেবিন থেকে বের হতেই দেখি আামাদের জাহাজটি ডুবে যাচ্ছে। তখন কেবিনেও ঢুকতে পারিনি। তৎক্ষণাৎ আমিও নদীতে পড়ে যাই। মাত্র এক মিনিট আগে আমি বাবার কাছ থেকে আসি। আর চোখের পলকে ঘটনাটি ঘটে গেল।’

রাকিবের ভাই মাঈনুদ্দিন বলেন, ‘দুই সপ্তাহ পর আবার আসবে বলে বাবা আমার কাছ থেকে বিদায় নেয়। পরে আমার ছোট ভাইয়ের জাহাজে যায়। এরপরই জাহাজডুবিতে বাবা হারিয়ে গেল। এখন বাবার লাশের অপেক্ষায় ঘটনাস্থলে সময় কাটছে আমাদের।’

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, গতকাল রাতে উদ্ধার হওয়া পাঁচজনের লাশ ও হাসপাতালে মারা যাওয়া একজনের লাশ আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ দুজনের খোঁজে অভিযান চলছে।