চকরিয়ায় কাভার্ড ভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো. মারুফের (১৭) পরিচয় পাওয়া গেলে অপর নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

আহত ব্যক্তিরা হলেন নিহত মারুফের দাদি আছিয়া খাতুন (৭০), ঈদগাঁও উপজেলার মাইজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) ও বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৫০)।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বাসিন্দা বলেন, শনিবার বিকেলের দিকে রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যান গাড়ির সঙ্গে চকরিয়া থেকে ছেড়ে যাওয়া ডুলাহাজারামুখী লেগুনা গাড়ির মুখামুখি সংঘর্ষ হয়। এতে লেগুনা গাড়ির দুই যাত্রী নিহত ও তিন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসী সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। এর মধ্যে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মাকসুদ আহমদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে আইনিব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।