নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। আজ রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা সেতুর ওপর
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। আজ রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলা সেতুর ওপর

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। রোববার সকালে তাঁরা মিছিল নিয়ে বের হন। মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সিরাজগঞ্জের ভিডিওতে দেখা যায়, উল্লাপাড়া উপজেলার সোনতলা সেতুর ওপর মুখে মাস্ক পরা ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করছেন। তবে কারও নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন জানান, রোববার সকালে ৩০-৩৫ জন সেতুর ওপর হঠাৎ মিছিলটি বের করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ বলে বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে তাঁরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, ‘লোকমুখে ও ফেসবুক থেকে মিছিলের বিষয়টি আমরা জানতে পেরেছি। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ঝটিকা মিছিল হয়েছে। রোববার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ মো. মুন্নার নেতৃত্বে ঝটিকা মিছিলে ১৩-১৪ জন অংশ নেন।

মিছিলের একটি ভিডিও দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় সরাইল থানার পুলিশ মিছিলে অংশ নেওয়া মো. বিশাল (২০) নামের এক তরুণকে আজ বিকেলে গ্রেপ্তার করেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। আজ রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শেখ মুন্না ঢাকায় থাকেন। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা থেকে গাড়ি নিয়ে এসে আজ সকালে মিছিল করে দ্রুত চলে গেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও ওই মিছিলে ছিলেন। তিনি আগে ছাত্রলীগের রাজনীতি করতেন। শেখ মুন্নাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে সরাইল উপজেলা সদরের ছাত্রদল মিছিল করেছে। রোববার রাত আটটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে মিছিলটি থানায় গিয়ে শেষ হয়।