ধর্ষণ
ধর্ষণ

দেবীদ্বারে মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, দুজনের নামে মামলা

কুমিল্লার দেবীদ্বারে মাদ্রাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলাটি করেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আসামিরা হলেন দেবীদ্বার পৌর এলাকার রমিজ মিয়ার ছেলে সবুজ মিয়া (২৪) এবং আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৯)। তাঁরা সম্পর্কে খালাতো ভাই এবং বিদেশফেরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার বারেরা ফুলগাছতলা দিয়ে যাওয়ার সময় সবুজ মিয়া ও ইসমাইল ওই ছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশায় তুলে নেন। পরে সবুজ মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। মেয়েটি সেখান থেকে কৌশলে পালিয়ে বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে।

মেয়েটির পরিবারের সদস্যরা জনান, ঘটনার পর আসামিরা গা ঢাকা দিয়ে স্থানীয় কিছু দালালের মাধ্যমে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে মেয়েটির মা–বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন এবং থানায় মামলা করেন।

মেয়েটির বাবা জানান, ‘আমি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করি। আমার স্ত্রীও তখন ঢাকা ছিল। সংবাদ পেয়ে আমরা বাড়ি আসি। যারা আমার মেয়ের সর্বনাশ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মেয়েটি জানায়, ‘সবুজ প্রেমের প্রস্তাব দিয়েছিল। রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে গত শনিবার সকাল আটটায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছতলায় ডেকে নেয়। সেখানে গলায় ছুরি ঠেকিয়ে এবং হুমকির মুখে সবুজ ও ইসমাইল সেখান থেকে আমাকে সবুজের বাড়িতে নিয়ে যায়। সবুজের স্ত্রী বাড়িতে ছিল না। সেখানে সবুজ ও ইসমাইল আমাকে নির্যাতন করে। ঘটনাটি কাউকে জানালে অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেবে এবং আমার বাবাকে হত্যা করার হুমকি দেয়।’

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বুধবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আদালতের মাধ্যমে তার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।