চা দিতে দেরি, মায়ের কোলে থাকা শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

চট্টগ্রামের হাটহাজারীতে আছাড় দিয়ে দুই মাসের এক কন্যাশিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মেহেরার আকতার। সে ওই এলাকার ইব্রাহিম মেম্বারের বাড়ির ওসমান গণির মেয়ে। স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, শিশুটি তার মা সুমাইয়া আক্তারের কোলে ছিল। এ সময় ওসমান সুমাইয়া আক্তারকে বলেন, তাঁকে চা দিতে। তবে চা দিতে দেরি করায় সুমাইয়া আক্তারের সঙ্গে তাঁর স্বামী ওসমানের কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সুমাইয়ার কোলে থাকা শিশু মেহেরারকে কেড়ে নিয়ে আছাড় দেন ওসমান। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় বাবার সঙ্গে শিশুটির চাচারও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দুজনই পলাতক, তাঁদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।