রাজশাহীতে পরিবহন ধর্মঘট

অলস সময় ধোয়া-মোছা করে কাটাচ্ছেন পরিবহনশ্রমিকেরা, দুর্ভোগে যাত্রীরা

বাস কাউন্টারে যাত্রীদের বসার চেয়ার পরিষ্কার করছেন এক পরিবহনশ্রমিক। আজ শুক্রবার সকালে নগরের শিরোইল এলাকার ঢাকা বাসস্ট্যান্ডে
ছবি: প্রথম আলো

রাজশাহী নগরের শিরোইল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্রামীণ পরিবহনের বাসটির ফ্যান পরিষ্কার করছিলেন পরিবহনশ্রমিক শাকিল হোসেন। কবির আর মানিক মিলে বসার চেয়ারগুলো বাইরে বের করে ধোয়া-মোছা করছিলেন। কবির হোসেন বলেন, ‘পরিবহন ধর্মঘট চলছে। কাজকাম নাই। সময় পেয়েছি, তাই বসে না থেকে পরিষ্কার করছি।’ শাকিল হোসেন বলেন, শীত এসে গেছে। ফ্যানের কাজ নেই। তাই পরিষ্কার করার কাজ চলছে।

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু করেছে পরিবহন মালিক সমিতি। আজ শুক্রবার ধর্মঘটের দ্বিতীয় দিনে পরিবহনশ্রমিকেরা অলস সময় কাটাচ্ছেন। তবে অনেকেই এই সময়টা কাজে লাগাচ্ছেন।

গ্রামীণ ট্রাভেলসের একটু দূরেই হানিফ এন্টারপ্রাইজ পরিবহনের কাউন্টার। উত্তরাঞ্চলের হানিফ পরিবহনের ব্যবস্থাপক মঞ্জুর রহমান তিনজনকে নিয়ে কাউন্টারটি পরিষ্কারের কাজে ব্যস্ত। তাঁদের একজন মো. বেলাল হোসেন যাত্রীদের বসার চেয়ার ধুয়ে–মুছে পরিষ্কার করছেন। ভেতরে মো. রিপন নামের একজন ও আরেকজন নারী মিলে পরিষ্কার করছিলেন।

রাজশাহীর বাস কাউন্টারগুলোতে চলছে ধোয়া–মোছার কাজ

মঞ্জুর রহমান বলেন, পরিবহন ধর্মঘট চলছে। কাউন্টার পরিষ্কার করার সময় হয়ে ওঠে না। এখন যাত্রী নেই, ভিড়ও নেই। এ কারণে পরিষ্কারের কাজ করা হচ্ছে।

বিএনপি বলছে, অন্যান্য গণসমাবেশের মতো রাজশাহীর গণসমাবেশে মানুষকে আসতে বাধা দিতেই এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তবে পরিবহন মালিক সমিতি বলছে, গণসমাবেশের সঙ্গে তাদের ডাকা ধর্মঘটের কোনো যোগসূত্র নেই।

ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজশাহী নগরের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কোনো আনাগোনা ছিল না। তবে দূরের যাত্রীরা যাচ্ছেন অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় করে। দু-একজন দেখতে এসেছিলেন, কোনো বাস চলছে কি না।

নগরের ভদ্রা এলাকায় কাউন্টারে এসেছিলেন হাসিবুল ইসলাম। তিনি ঢাকায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন, থাকেন ভদ্রা এলাকায়। তিনি বলেন, আগামী রোববার তাঁর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু। সবাই বলছেন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। তাই জানতে এসেছেন, বাস কবে ছাড়বে। পরে জেনেছেন, আগামীকাল শনিবার বিকেলের মধ্যেই ছেড়ে যাবে।

নগরের রেলগেট এলাকা থেকে নওগাঁয় যাওয়ার রাস্তা। এখন নওগাঁ যাওয়ার একমাত্র বাহন সিএনজিচালিত অটোরিকশা। অনেকে ভেঙে ভেঙে অটোরিকশাতে যাওয়ার চেষ্টা করছেন। সেখানে দাঁড়িয়ে ছিলেন সবুজ মিয়া। তিনি মান্দা উপজেলায় যাবেন। সবুজ বলেন, গতকাল তিনি রাজশাহীতে এসেছিলেন চিকিৎসার জন্য। অনেক তল্লাশিচৌকি এড়িয়ে তাঁকে আসতে হয়েছে। রাস্তায় অটোরিকশায়ও পুলিশ তল্লাশি করেছে। আজকেও অটোরিকশার অপেক্ষায় আছেন।

সেখানে সিএনজি থেকে নামলেন মাহবুব আলম নামের এক যাত্রী। তিনি প্রথম আলোকে বলেন, রাস্তায় কয়েকটি জায়গায় পুলিশ রয়েছে। তাঁরা জিজ্ঞাসা করেছিল, ‘কী কারণে রাজশাহীতে আসছেন।’ তখন তিনি বলেছেন, আত্মীয়ের বাড়ি যাচ্ছেন। পরে ছেড়ে দিয়েছে।

অটোরিকশাচালক স্বজন সরকার বলেন, গত দুই দিন ধরে তাঁরা যাত্রী খুব পাচ্ছেন। পথে পথে দুর্ভোগও হচ্ছে। মানুষ গাড়ি পাচ্ছে না, সিএনজিই ভরসা।

রাজশাহী বিভাগীয় মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর প্রথম আলোকে বলেন, তাঁরা স্বতস্ফূর্তভাবে পরিবহন ধর্মঘট পালন করছেন। কোথাও কোনো ঝামেলা হচ্ছে না। তাঁদের ধর্মঘটের সঙ্গে বিএনপির বা রাজনৈতিক কোনো দলের কর্মসূচির বিরুদ্ধে নয়। তাঁরা ধারাবাহিক আন্দোলন করছেন। সেই আন্দোলনেরই অংশ এটি। এখন পর্যন্ত তাঁদের সঙ্গে দাবিদাওয়া নিয়ে কেউ বসেননি। আলোচনার মাধ্যমে তাঁদের দাবিদাওয়া পূরণ না করা হলে ধর্মঘট চালিয়ে যাবেন। যাত্রীদের দুর্ভোগ হলেও তাঁরা ধর্মঘট চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার প্রথম আলোকে বলেন, এটি সরকারি ধর্মঘট। দেশের মানুষ সব বোঝেন। কোনো বাধা দিয়েই কাজ হচ্ছে না। সব মানুষ রাজশাহীর দিকে আসছেন।