সিলেটে গত বন্যার সময় কোম্পানীগঞ্জ গ্রামের পাশের এই সেতুর সংযোগ স্থান থেকে মাটি সরে যায়। এরপর আর সংস্কার করা হয়নি
সিলেটে গত বন্যার সময় কোম্পানীগঞ্জ গ্রামের পাশের এই সেতুর সংযোগ স্থান থেকে মাটি সরে যায়। এরপর আর সংস্কার করা হয়নি

কোম্পানীগঞ্জে বন্যার ৬ মাস

সেতু সংস্কার হয়নি, দুর্ভোগ

সড়ক ও মূল সেতু থেকে বেইলি সেতুতে উঠতে পিচ ঢালাই দিয়ে সংযোগ করা হয়েছে। তবে যানবাহনের চাপে সংযোগ অংশটির অবস্থা বেহাল।

সেতুর ভাঙা অংশের ওপর স্থাপন করা হয়েছে লোহার তৈরি ‘বেইলি সেতু’। এটি সড়কের সঙ্গে মূল সেতুর সংযোগ তৈরি করে দিয়েছে। সেতুর দুই পাশের সাইনবোর্ডে লেখা হয়েছে—‘বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু, পাঁচ টনের বেশি মালামাল পরিবহন করবেন না।’ সড়ক ও মূল সেতু থেকে বেইলি সেতুতে উঠতে পিচ ঢালাই দিয়ে সংযোগ করা হয়েছে। তবে যানবাহনের চাপে সংযোগ অংশটির অবস্থা বেহাল। সেখানে উঁচু-নিচু গর্তের সৃষ্টি হয়েছে।

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ গ্রামের বুড়দেও সেতুর চিত্র এটি।

সিলেট সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জুনের বন্যায় বুড়দেও সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ সময় বন্যায় সেতুর উত্তর পাশের সংযোগ সড়কের মাটি সরে ধসে যাওয়ার উপক্রম হয়। একই সঙ্গে সেতুর একপাশ পানিতে তলিয়ে যায়। পরে ওই স্থানে বস্তা ফেলে টিকিয়ে রাখা হয়। এতে প্রায় তিন দিন ওই সেতুতে যান চলাচল বন্ধ ছিল। পরে ২৩ জুন সেতুর ওপর বেইলি সেতু নির্মাণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। এর পর থেকে ছয় মাসের বেশি সময় ধরে ওই সেতুতে এভাবেই যান চলাচল করছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, যানবাহনগুলো হেলেদুলে বেইলি সেতুতে উঠছে। আবার বেইলি সেতুটি সরু হওয়ায় একদিক থেকে বড় কোনো যান এলে অন্য পাশের যানগুলোকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। স্থানীয় লোকজনের দাবি, ওজনের নীতিমালা না মেনে ওই সেতুতে ভারী যান চলাচল করছে। দ্রুত বেইলি সেতু সরিয়ে মূল সেতুটি সংস্কার না করা হলে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

সিলেট সওজের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, সেতুর নিচের অংশে স্থাপিত পাইলক্যাবের (পাইলিংয়ের ওপর দেয়াল তোলা অংশ) চার ফুট মাটি সরে গিয়েছে। এ জন্য এমন অবস্থা হয়েছে। এখন মূলত পানি কমে যাওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। সেতুর নিচে পানি থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। সেতুর নিচের অংশের পানি শুকিয়ে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে মেরামত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বন্যা–পরবর্তী মেরামত কাজের আওতায় সেতুর ওই অংশ মেরামত করা হবে। আশা করি, জানুয়ারির মধ্যেই কাজটি শেষ হবে।