আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর-রানীশংকৈল একাংশ) আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম। আজ শনিবার বেলা দুইটার দিকে সংসদ সদস্যের নেতৃত্বে বালিয়াডাঙ্গীর শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তির কলেজ মাঠ থেকে এ শোভাযাত্রা বের করা হয়।
সংসদ সদস্যের বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শোভাযাত্রার সমন্বয় করেন। বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধ ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ ও সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈলের বিভিন্ন এলাকা ঘুরে আবার বালিয়াডাঙ্গীতে ফিরে আসে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিরতি দিয়ে অবরোধ ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ জানানোর পাশাপাশি নৌকায় ভোট চান সংসদ সদস্য। শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য দবিরুল ইসলাম ও মাজহারুলের ছবি-সংবলিত পোস্টার-ফেস্টুন দেখা যায়।
শোভাযাত্রার শুরুতে আওয়ামী লীগের নেতা মাজহারুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতেই এ শোভাযাত্রার আয়োজন। পাশাপাশি শোভাযাত্রা, সভা-সমাবেশের মাধ্যমে আসন্ন নির্বাচন বানচালে বিএনপি ও জামায়াতে ইসলামী যে জ্বালাও-পোড়াও শুরু করেছে, সে ব্যাপারে জনগণকে সচেতন করা হচ্ছে।
আসন্ন নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা সরব হয়ে উঠেছেন। তাঁরা সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে একের পর এক শোভাযাত্রা, সভা-সমাবেশ করে এলাকায় নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সংসদ সদস্য দবিরুল ইসলাম এবারও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। পাশাপাশি তাঁর বড় ছেলে মাজহারুল ইসলামও এলাকায় প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া সংসদ সদস্যের ছোট ভাইয়ের ছেলে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম, সহসভাপতি প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম শামীম ফেরদৌসও দল থেকে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম গত ১ অক্টোবর বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে যুব সমাবেশ করেন। উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও আলী আসলাম বক্তব্য দেন। ওই সমাবেশে আসলাম আলী দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দেন।
এ ছাড়া গত ১৪ অক্টোবর হরিপুরে নারী সমাবেশ করেন আরেক মনোনয়নপ্রত্যাশী মোস্তাক আলম। হরিপুরের যাদুরানী হাট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে মোস্তাক আলম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। বর্তমান সরকারকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে নারী ও তরুণদের আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। এখানে মনোনয়ন পাওয়ার মতো যোগ্য অনেক নেতা আছেন। তাঁদের অনেকেই মাঠে সরকারের উন্নয়ন তুলে ধরে সভা-সমাবেশ করে যাচ্ছেন। এতে দলের নির্বাচনী কাজটাও এগিয়ে যাচ্ছে।