লাশ
লাশ

সড়কের পাশে মিলল যুবদল কর্মীর লাশ, শরীরে ধারালো অস্ত্রের আঘাত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশ থেকে এক যুবদল কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের অন্তত চারটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর দেলিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।

নিহত যুবদল কর্মীর নাম জোবায়ের হোসেন (২৭)। তিনি বাচা মিয়া নামে এলাকায় পরিচিত ছিলেন। পেশায় ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। এ ছাড়া সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সক্রিয় কর্মী ছিলেন তিনি।

সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মোহাম্মদ শহীদ উল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নিহত অটোরিকশাচালক যুবদলের কর্মী ছিলেন। তাঁর তিন সন্তান রয়েছে। গতকাল সন্ধ্যায় তিনি একটি ভাড়া নিয়ে মুরাদপুর যান। এরপর তাঁর লাশ পাওয়া যায়।

লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। জানতে চাইলে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, নিহত ব্যক্তির পিটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার তিনটি চিহ্ন রয়েছে। এ ছাড়া গলার নিচে ডান পাশেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।  ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে এটি নির্বাচনী কোনো সহিংসতা মনে হচ্ছে না।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন,  লাশটির পাশেই অটোরিকশাটি পড়ে ছিল। লাশ উদ্ধারের সময় জোবায়েরের মুঠোফোন পাওয়া যায়নি। ঘটনাটি ছিনতাই, নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।