জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক মেহেদীর বাবার ওপর হামলা ও মারধরের ঘটনায় ভুক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন। শনিবার দুপুরে বাউফল প্রেসক্লাবে
জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক মেহেদীর বাবার ওপর হামলা ও মারধরের ঘটনায় ভুক্তভোগি পরিবারের সংবাদ সম্মেলন। শনিবার দুপুরে বাউফল প্রেসক্লাবে

জুলাই গণ–অভ্যুত্থানে নিহত সাংবাদিক মেহেদীর বাবার ওপর হামলা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিতে নিহত সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদারের (৫৩) ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরের এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। এ ছাড়া ঘটনার পরপরই বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জামায়াত।

মোশারেফ হোসেন উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে মেহেদী হাসান ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। মেহেদী অনলাইন সংবাদমাধ্যম ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক হিসেবে কাজ করতেন।

আজ শনিবার বেলা তিনটার দিকে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মেহেদী হাসানের মা মাহমুদা বেগম। তিনি বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে জামায়াতের কয়েকজন নারী কর্মী হোসনাবাদ গুচ্ছগ্রাম এলাকায় যান। তখন বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের নেতা-কর্মীরা তাঁদের হেনস্থা করার চেষ্টা চালান। তখন মোশারেফ হোসেন বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করেন। তাঁর পরনের পোশাক ছিঁড়ে ফেলেন। তাঁকে রক্ষা করতে গেলে নিজেও লাঞ্ছিত হন বলে জানান মাহমুদা। পরে তাঁর স্বামীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাহমুদা আরও জানান, ছেলে মেহেদী হাসান শহীদ হওয়ার পর থেকে জামায়াত তাঁদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে পাশে আছে। গত বৃহস্পতিবার কেশবপুর ইউনিয়নে জামায়াত নির্বাচনী সমাবেশ করে। এতে বক্তব্য দেন মোশারেফ হোসেন। এ সময় এ আসনের জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম (মাসুদ) উপস্থিত ছিলেন। এতে ক্ষুব্ধ হন বিএনপির নেতা-কর্মীরা।

মাহমুদা বেগম বলেন, তাঁর স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। স্বামীর ওপর হামলা ও মারধরের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন মাহমুদা।
মেহেদী হাসানের বাবার শারীরিক অবস্থা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাশরাকুল ইসলাম (সৈকত) জানান, মোশারেফ হোসেন নামের ওই ব্যক্তির বুকে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন। শনিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ে

এদিকে আজ বেলা আড়াইটার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘটনাকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করা হয়েছে। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার দাবি করেন, জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের পরিবারকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

তসলিম বলেন, প্রকৃত ঘটনা হলো, সম্প্রতি মোশারেফ হোসেন বাসের টিকিট নিয়ে ভাড়া পরিশোধ করেননি। এ নিয়ে শুক্রবার বাসের টিকিট বিক্রেতার সঙ্গে মোশারেফ হোসেনের কথা-কাটাকাটি হয়েছে। ওই তুচ্ছ ঘটনাকে রং লাগিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

মোশারেফ হোসেনের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যার পরপরই বাউফল পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জামায়াত।