তারাগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর, আহত ৬

রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে
ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম সুরাইয়া আক্তার (১১)। সে উপজেলার ইকরচালী ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের ভুট্টু মিয়ার মেয়ে। সুরাইয়া জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় অটোরিকশার চালক জাহাঙ্গীর আলমসহ ছয়জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ইজিবাইকটি উদ্ধার করে

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে ইকরচালী বাজার থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি তারাগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ইজিবাইকটি মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা সুরাইয়া আক্তার ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের ওই বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।