৬৪ জেলার সেরা প্রতিষ্ঠানগুলোতে একটি করে ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন একটি বিশেষ দিনে প্রধানমন্ত্রী একসঙ্গে উদ্বোধন করার কথা।
নরসিংদী সরকারি কলেজে নবনির্মিত একটি ছাত্রীনিবাসের হস্তান্তরের এক বছর পেরিয়ে গেলেও সেটি চালু হয়নি। নির্মাণকাজ শেষ হওয়ার পর গত বছরের ২৬ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষের কাছে হোস্টেলটি হস্তান্তর করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এক বছর পেরিয়ে গেলেও ১৩২ আসনের ছাত্রীনিবাসটি চালু না হওয়ায় ছাত্রীদের আবাসন–সংকট দূর হচ্ছে না। অথচ ছাত্রীদের আবাসন-সংকট কাটাতেই পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে পাঁচতলা ছাত্রীনিবাসটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৫ সালে ‘শিক্ষার মানোন্নয়নে জেলা সদরে অবস্থিত পোস্টগ্র্যাজুয়েট কলেজসমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী সরকারি কলেজ ছাত্রীদের আবাসন–সংকট নিরসনে ১০০ আসনের ৪ তলার নতুন একটি হোস্টেল নির্মাণের বরাদ্দ পায়। পরে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে একটি তলা বাড়িয়ে আরও ৩২টি আসন যুক্ত করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম বলেন, ‘২০২১ সালের ২৬ সেপ্টেম্বর নির্মিত পাঁচতলা ভবনটি আমরা কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। এর মাধ্যমে আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। পরে তাতে শিক্ষার্থীদের ওঠানোর কাজ কলেজ প্রশাসনের। কলেজ কর্তৃপক্ষ ইচ্ছা করলে হস্তান্তরের পরপরই ছাত্রী হোস্টেলটি চালু করতে পারত।’
কলেজ কর্তৃপক্ষের ভাষ্য, ভবনটি হস্তান্তরের সময় তারা জানতে পারেন, ৬৪ জেলার সেরা প্রতিষ্ঠানগুলোতে একটি করে ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন একটি বিশেষ দিনে প্রধানমন্ত্রী একসঙ্গে উদ্বোধন করবেন। নরসিংদী জেলার ওই ভবন হলো সরকারি কলেজের এই পাঁচতলা ছাত্রীনিবাস। ভবন হস্তান্তরের পরপরই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্যের সঙ্গে কলেজটির অধ্যক্ষ মোশতাক আহমেদ কথা বলেন। তাঁরা অধ্যক্ষকে বলেছেন, যেহেতু সারা দেশে নির্মিত এসব ভবন একসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে, সেহেতু তাঁদের পক্ষে তা উদ্বোধন করা সম্ভব নয়। এই কারণেই কলেজ কর্তৃপক্ষ অপেক্ষায় আছেন।
নরসিংদী সরকারি কলেজ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে উচ্চমাধ্যমিক, ১৯টি বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৬টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ৩০ হাজারের বেশি। এসব শিক্ষার্থীর অর্ধেকের বেশি ছাত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ হাজার শিক্ষার্থীর বিপরীতে বর্তমানে কলেজটিতে শিক্ষার্থীদের আবাসনের জন্য এত দিন হোস্টেল ছিল ৩টি। দুটি ছাত্রদের, একটি ছাত্রীদের। ছাত্রদের হোস্টেলগুলোর মধ্যে দুইতলার জরাজীর্ণ জীতেন্দ্র কিশোর মৌলিক ছাত্রাবাসের আসনসংখ্যা ৬৯। তিনতলা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ছাত্রাবাসের আসনসংখ্যা ৭২। ছাত্রীদের জন্য আগে থেকে থাকা চারতলা ডা. জোহরা বেগম কাজী ছাত্রীনিবাসের আসনসংখ্যা ১১০।
নরসিংদীর ছয় উপজেলা ও পাশের গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা কলেজটিতে লেখাপড়া করতে আসেন। বেশির ভাগ শিক্ষার্থীকেই অবশ্য কলেজের আশপাশের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বা মেসে থেকেই পড়ালেখা করতে হয়।
সম্প্রতি সরেজমিনে কলেজ ক্যাম্পাসে দেখা যায়, পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ছাত্রীনিবাসটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। ভেতরে প্রবেশ করে দেখা যায়, প্রতিটি কক্ষের আসন, পড়ার চেয়ার-টেবিল, ফ্যানসহ সবকিছুই প্রস্তুত। একজন প্রহরী আছেন পাহারার দায়িত্বে। মাঝেমধ্যে বিভিন্ন বিভাগের বিদায় ও আলোচনা অনুষ্ঠানের মতো কিছু আয়োজন সেখানে হয় বলে জানা গেছে।
এ সময় কথা হয় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিভাগের অন্তত ১৪ জন ছাত্রীর সঙ্গে। তাঁদের মধ্যে চারজনের বাড়ি মনোহরদী, তিনজনের বেলাব, তিনজনের শিবপুর, দুজনের রায়পুরা, একজনের নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং একজনের বাড়ি গাজীপুরের টঙ্গী। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, তাঁরা সবাই বিভিন্ন বাড়িতে বা মেসে থাকছেন। খাবার ও থাকা মিলিয়ে মাসে তাঁদের খরচ হয় পাঁচ-ছয় হাজার টাকা। অন্যদিকে কলেজটির ডা. জোহরা বেগম কাজী ছাত্রীনিবাসে আবাসন সুবিধা পাওয়া কয়েকজন ছাত্রী জানান, সাড়ে তিন হাজার টাকার মধ্যেই তাঁদের খাবার ও থাকার খরচ হয়ে যায়।
জানতে চাইলে নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অনেক দূরদূরান্ত থেকে আমাদের ছেলে-মেয়েরা এই কলেজে পড়তে আসে। ভালো ফলাফলের জন্য তাদের নরসিংদীতে থাকা খুব জরুরি। অনেক ছাত্রীই কলেজের আশপাশের বাড়ি বা মেসে ভাড়া থেকে পড়াশোনা করছে। এভাবে পড়াশোনা চালিয়ে নেওয়ার মতো অবস্থা কিন্তু সব পরিবারের নেই। আমরা তো চাই নতুন ছাত্রী হোস্টেলটি আজকেই চালু করে দিতে। কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এই আশায় অপেক্ষা করছি।’