
কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছেন এক তরুণ। আহত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতসহ শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
আজ সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত তরুণ ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যান। তাঁকে ধরতে একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে ছুরিকাঘাত করা তরুণকে শনাক্ত করা গেছে। তাঁকে ধরতে কাজ চলছে। আঘাতে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।
গুরুতর আহত স্কুলছাত্রী (১৫) ফরিদপুর জেলার বাসিন্দা। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরে থানাপাড়াতে একটি ভবনের তিনতলাতে পরিবার নিয়ে থাকছেন। ওই ছাত্রী কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণিতে পড়ে। তার আগামী এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ছাত্রী স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরেন। বেলা ১টা ১১ মিনিটের দিকে সে বাসার নিচে দাঁড়িয়ে কলবেল বাজিয়ে দাঁড়িয়ে থাকে। এর কয়েক সেকেন্ডের মধ্যে এক তরুণ কাছে গিয়ে তাকে পেছন থেকে উপর্যুপরি আঘাত করতে করতে থাকেন। মেয়েটি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এসময় চিৎকার করতে থাকে মেয়েটি। একটু পরই মেয়েটি সড়কে বাসার সামনে লুটিয়ে পড়ে।
ওই বাসার সামনের একটি বাসায় থাকেন শাহাদাত হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তাঁর বোন বারান্দায় ছিলেন। ওই ছাত্রীকে ছুরিকাঘাত করা দেখে চিৎকার দেন তাঁর বোন। তিনি তখন দৌড়ে বাইরে গিয়ে দেখতে পান এক ছেলে মেয়েটিকে কয়েকটি ছুরিকাঘাত করছে। কখনো চুল ধরে আঘাত করছে। মেয়েটির স্কুলড্রেস পরা অবস্থায় ছিল। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে আঘাত করে ছুরি ফেলে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। এরপর মেয়েটির মা দৌড়ে নিচে নেমে আসে। তিনিও মেয়ের রক্তাক্ত অবস্থা দেখে অচেতন মতো হয়ে পড়েন। একটা রিকশা ডেকে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে ছুরিকাঘাত করা তরুণকে শনাক্ত করা গেছে। তাঁকে ধরতে কাজ চলছে।ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র
শাহাদাত হোসাইন আরও বলেন, দ্রুত সবাই ঘর থেকে বের না হলে ছুরিকাঘাত আরও বেশি হতো। মনে হচ্ছে হত্যা করতেই মেয়েটিকে অন্তত ১০টি আঘাত করেছে। প্রকাশ্যে এমন আঘাত দেখে তিনি ও তার বোন হতবিহ্বল হয়ে পড়েন।
হাসপাতালে দাঁড়িয়ে মেয়েটির বাবা প্রথম আলোকে বলেন, তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। হঠাৎ মেয়ের মায়ের ফোন পান। এরপর দ্রুত হাসপাতালে যান। এ ঘটনা কেন, কী কারণে ঘটেছে, তা কিছুই বুঝতে পারছেন না। তার মেয়েও আগে কখনো কিছু বলেনি। তাকে কেউ কোনো উত্ত্যক্ত করত কি না, সে ব্যাপারে কিছুই জানা নেই।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল প্রথম আলোকে বলেন, ধারালো কিছু দিয়ে মেয়েটির হাতে দুটিসহ তিনটি গভীর আঘাত ছিল। এ ছাড়া আরও আঘাতের চিহ্ন দেখা গেছে। সব কটি আঘাতের জায়গাতে সেলাই দেওয়া হয়েছে। আপাতত শঙ্কামুক্ত। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।